নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১০টার দিকে মেদিনীপুর গ্রামের একটি বাঁশবাগান থেকে এসব মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। গতকাল শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, নায়েব সুবেদার মামুন অর রশিদ খানের নেতৃত্বে মেদিনীপুর বিওপির একটি টহল দল নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত পিলার ৬৩/২-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মেদিনীপুর গ্রামের কদর আলীর বাঁশবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। তিনি আরও জানান, উদ্ধার করা মদ জীবননগর থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


