আজ ,,
,

শিরোনামঃ
হোম পেজশিক্ষাস্মার্ট স্কাউট গড়ার প্রত্যয়ে চুয়াডাঙ্গায় চার দিনের বর্ণিল আয়োজন

স্মার্ট স্কাউট গড়ার প্রত্যয়ে চুয়াডাঙ্গায় চার দিনের বর্ণিল আয়োজন




নিজস্ব প্রতিবেদক:

‘স্মার্ট স্কাউট, স্মার্ট দেশ, এগিয়ে যাবে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় ৬ষ্ঠ জেলা স্কাউট সমাবেশের উদ্বোধন করা হয়েছে। জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৯টি স্কাউট দল নিয়ে আয়োজিত এ সমাবেশে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম জাগিয়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন অতিথিরা। গতকাল শুক্রবার বিকেল চারটায় চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের মাখালডাঙ্গা-দীননাথপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে চার দিনব্যাপী এ সমাবেশের উদ্বোধন করা হয়। বাংলাদেশ স্কাউটস চুয়াডাঙ্গা জেলা শাখা এ সমাবেশের আয়োজন করে। আয়োজকদের তথ্য অনুযায়ী, ২ থেকে ৫ নভেম্বর পর্যন্ত চলবে এ আয়োজন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মহিদুল হক জোয়ার্দার এবং গীতা পাঠ করেন সুপর্ণা দাস। বাংলাদেশ স্কাউটস চুয়াডাঙ্গা জেলা শাখার কমিশনার আব্দুল মমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ বি এম খালেদ হোসেন সিদ্দিকী। প্রধান অতিথির বক্তব্যে তিনি চুয়াডাঙ্গায় প্রথমবারের মতো জেলা স্কাউট সমাবেশ আয়োজনের উদ্যোগকে স্বাগত জানান। এ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের পাশাপাশি অতিথি, অংশগ্রহণকারী দল এবং মাখালডাঙ্গা-দীননাথপুর মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্যদের ধন্যবাদ জানান তিনি। তিনি বলেন, স্কাউটিং একটি স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম। এখানে আর্থিক লাভের কোনো বিষয় নেই। তাই কাউকে জোর করে স্কাউটিংয়ে যুক্ত করা উচিত নয়। যারা স্বেচ্ছায় আগ্রহ নিয়ে আসবে, তাদেরই এ কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ দিতে হবে।
বাংলাদেশ স্কাউটস চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক বেলাল হোসেনের স্বাগত বক্তব্য ও সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্র, আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন এবং জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া সুলতানা এ্যানি। এছাড়া উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, বাংলাদেশ স্কাউটসের খুলনা অঞ্চলের আঞ্চলিক কমিশনার আবু হান্নান, আঞ্চলিক উপকমিশনার (প্রোগ্রাম) মনোয়ার আহমেদ, চুয়াডাঙ্গা জেলা স্কাউটসের পরিচালক এ কে এম আশিকুজ্জামান, জেলা স্কাউটসের কোষাধ্যক্ষ শোয়াইব হোসেন শোয়েব, চুয়াডাঙ্গা সদর উপজেলা স্কাউট কমিশনার গোলাম মোস্তফা এবং আলমডাঙ্গা উপজেলা স্কাউট কমিশনার নাসির উদ্দিন এটোম। এছাড়া বিভিন্ন উপজেলা পর্যায়ের সম্পাদক ও স্কাউট কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।
আয়োজকেরা জানান, এবারের সমাবেশে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৩৯টি স্কাউট দল অংশ নিয়েছে। শিক্ষার্থীদের স্কাউটিং কার্যক্রমে আগ্রহ ও সক্রিয় অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি বাস্তবভিত্তিক প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
অনুষ্ঠানে বক্তারা বলেন, স্কাউটিং শুধু একটি সহশিক্ষা কার্যক্রম নয়, এটি শিক্ষার্থীদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার একটি কার্যকর মাধ্যম। এর মাধ্যমে শিশু-কিশোর ও তরুণেরা নেতৃত্ব, শৃঙ্খলা, সহযোগিতা, মানবিকতা ও দেশপ্রেমের চর্চা করতে শেখে। একই সঙ্গে মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক দায়িত্ব পালনের মানসিকতাও তৈরি হয়। চার দিনব্যাপী এ সমাবেশে ক্যাম্পিং, সাংস্কৃতিক অনুষ্ঠান, দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম এবং বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন রাখা হয়েছে। এসব কার্যক্রমে অংশগ্রহণের মধ্য দিয়ে শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা ও সৃজনশীলতা বিকাশের পাশাপাশি দলগতভাবে কাজ করার অভিজ্ঞতা অর্জন করতে পারবে বলে আশা করছেন আয়োজকেরা। তাদের প্রত্যাশা, এ সমাবেশের অভিজ্ঞতা শিক্ষার্থীদের ব্যক্তিগত দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়তা করবে। পাশাপাশি স্কাউটিংয়ের মাধ্যমে একটি শৃঙ্খলাবদ্ধ, মানবিক ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তোলার পথ আরও সুগম হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ