হাটবোয়ালিয়া প্রতিনিধি:
‘মাদককে না বলুন, অবসর সময়ে ফুটবল খেলুন’Ñএ স্লোগানকে সামনে রেখে আলমডাঙ্গা উপজেলার মহেশপুর গ্রামের মহেশপুর যুব সংঘ ক্লাবের শিশু-কিশোর ফুটবলারদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে। তরুণ প্রজন্মকে মাদক, কিশোর গ্যাং ও নানা অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এ উদ্যোগ নেয়া হয়। গতকাল বৃহস্পতিবার আসর নামাজের পর মহেশপুর যুব সংঘ ক্লাব প্রাঙ্গণে শিশু-কিশোর ফুটবলারদের হাতে ফুটবল তুলে দেন চুয়াডাঙ্গা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও ভাংবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী কাইয়ুম উদ্দিন হিরক।
ফুটবল বিতরণকালে কাইয়ুম উদ্দিন হিরক বলেন, বর্তমানে সমাজে মাদকাসক্তি ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক সমস্যা দিন দিন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। শিশু-কিশোরদের এসব ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি তাদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সহায়তা করে। তিনি বলেন, শিশু-কিশোরদের অবসর সময় মোবাইল ফোনে অতিরিক্ত সময় ব্যয় না করে মাঠমুখী হতে হবে। খেলাধুলার মাধ্যমে তাদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতা তৈরি হয়। তাই মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়তে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সবাইকে শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করতে হবে। তিনি শিশু-কিশোরদের অবসর সময় মোবাইল ফোন ও ক্ষতিকর কর্মকাণ্ডে ব্যয় না করে নিয়মিত খেলাধুলায় অংশ নেয়ার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন মহেশপুর যুব সংঘের সহকারী কোচ রাফিক, জি.এ সাংগঠনিক থানা শিবিরের সভাপতি শামীম রেজা, ভাংবাড়ীয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি আব্দুস সোবহান, কফিল উদ্দিন, আসিফসহ স্থানীয় ব্যক্তিরা। ফুটবল বিতরণকে ঘিরে শিশু-কিশোর ফুটবলারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নতুন ফুটবল হাতে পেয়ে তাদের অনেকেই মাঠে খেলায় মেতে ওঠে। এ সময় স্থানীয়দের মধ্যেও আনন্দ ও আগ্রহ দেখা যায়।


