আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (অপারেশন) হোসেন আলীকে নড়াইল জেলার নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারের স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে এ দায়িত্ব দেয়া হয়। একই আদেশে জেলার বিভিন্ন ইউনিটে কর্মরত ও সদ্য যোগদান করা আরও চার পুলিশ পরিদর্শককে বদলি ও পদায়ন করা হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, খুলনা রেঞ্জের সংশ্লিষ্ট প্রজ্ঞাপন ও স্মারকের পরিপ্রেক্ষিতে প্রশাসনিক প্রয়োজনের ভিত্তিতে এসব বদলি ও পদায়ন করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে। হোসেন আলী এর আগে চুয়াডাঙ্গা সদর থানায় অফিসার ইনচার্জ (অপারেশন) হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তাকে আলমডাঙ্গা থানায় একই দায়িত্বে বদলী করা হয়। সম্প্রতি তাকে লাইন ওয়ারে সংযুক্ত করা হয়েছিল। সেখান থেকেই এবার তাকে নড়াইলের নড়াগাতী থানার ওসি হিসেবে পদায়ন করা হলো। একই আদেশে নড়াগাতী থানার বর্তমান ওসি আব্দুর রহিমকে রূপগঞ্জ সদর ফাঁড়ির ইনচার্জ, লোহাগড়া থানার ওসিকে জেলা গোয়েন্দা শাখায় এবং লাইন ওয়ারের শরিফুল ইসলামকে লোহাগড়া থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।
নতুন দায়িত্ব সম্পর্কে হোসেন আলী বলেন, চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা থানায় দায়িত্ব পালনকালে সহকর্মী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে যে সহযোগিতা পেয়েছি, তা আমার দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। চুয়াডাঙ্গায় দায়িত্ব পালনের অভিজ্ঞতা আমার পেশাগত জীবনে সবসময় কাজে লাগবে। নতুন কর্মস্থল নড়াগাতী থানায়ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং সেবাপ্রত্যাশী মানুষের সঙ্গে পেশাদার ও মানবিক আচরণ নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করতে চাই। দায়িত্ব পালনে সবার সহযোগিতা প্রত্যাশা করছি।


