ভ্রাম্যমাণ প্রতিনিধি:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর এলাকার ফুটপাত দখলমুক্ত করতে শহরের বিভিন্ন সড়ক ও ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক শাহীনূর আক্তার। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের সাদাব্রিজ, হাউসপুর ব্রিজসহ প্রধান সড়কের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শাহীনূর আক্তার। এ সময় তিনি বলেন, জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে ফুটপাত দখলমুক্ত করার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। প্রাথমিকভাবে ফুটপাত দখলকারীদের সতর্ক করা হয়েছে এবং নিজ দায়িত্বে তাদের মালামাল সরিয়ে নিতে বলা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
অভিযানে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মাহফুজ রানা, ভারপ্রাপ্ত কর আদায়কারী মুস্তাক আহমেদ এবং আলমডাঙ্গা থানা পুলিশের একটি দল।


