আসমানখালি প্রতিনিধি:
আলমডাঙ্গা উপজেলার আসমানখালী পুলিশ ক্যাম্পের অভিযানে ২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ পলাশ (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত পলাশ আলমডাঙ্গা উপজেলার খোরদ গ্রামের মন্টু আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আসমানখালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই (নিরস্ত্র) আব্দুর সবুরের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় পলাশকে আটক করে তার দেহ তল্লাশি করা হলে তার কাছ থেকে ২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানে আসমানখালী পুলিশ ক্যাম্পের কনস্টেবল আসাদুজ্জামান আসাদসহ সঙ্গীয় ফোর্স অংশ নেন। পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


