নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা শহরের পৌর কলেজ রোড এলাকায় অবৈধভাবে গ্যাস বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে দ্রুত লাইসেন্স হালনাগাদ করে বৈধভাবে ব্যবসা পরিচালনা এবং অবৈধভাবে গ্যাস মজুত না করার নির্দেশ দেয়া হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পৌর কলেজ রোড এলাকায় গ্যাস ও খাদ্যপণ্য সামগ্রীর ওপর তদারকি অভিযান চালায় চুয়াডাঙ্গা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
তদারকিকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় অবৈধভাবে গ্যাস বিক্রির অভিযোগে মুক্তাজুর রহমান মল্লিকের প্রতিষ্ঠান মেসার্স মল্লিক গ্যাস ঘরকে ৩০ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়। তদারকি পরিচালনাকারী চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, ব্যবসা পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় লাইসেন্স হালনাগাদ রাখা এবং অনুমোদন ছাড়া গ্যাস মজুত বা বিক্রি না করার বিষয়ে ব্যবসায়ীকে নির্দেশনা দেয়া হয়েছে। একই সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় লাইসেন্স হালনাগাদ করে ব্যবসা পরিচালনার জন্য বলা হয়েছে। অভিযান চলাকালে ব্যবসায়ীদের নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশ দেয়া হয়। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ, মানহীন ও নিষিদ্ধ কোনো পণ্য, ওষুধ বা শিশুখাদ্য বিক্রি না করার বিষয়ে সতর্ক করা হয়।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, বাজারে পণ্যের মূল্য, মান ও নিরাপদ বিপণন নিশ্চিত করার পাশাপাশি ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের তদারকি অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। তদারকিকালে সহায়তা করেন ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি দল। অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে ভোক্তা-অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


