সরোজগঞ্জ প্রতিনিধি:
চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ বাজারে টেকসই কৃষি ব্যবস্থাপনা, আধুনিক চাষাবাদ পদ্ধতি ও উন্নতমানের বীজের ব্যবহার নিয়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কৃষি উৎপাদন বাড়ানো এবং কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করতে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে স্থানীয় কৃষক ও কৃষির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। গতকাল রবিবারে বিকেল তিনটার দিকে ডিঙ্গেদহ বাজারে সবুজ বীজ ভান্ডারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এগ্রোসেল কোম্পানির আয়োজনে এবং প্রতিষ্ঠানটির পরিবেশক সবুজ বীজ ভান্ডারের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. লিটন রায় জিপু। সমাবেশে উপস্থিত ছিলেন এগ্রোসেল কোম্পানির এরিয়া ম্যানেজার মিল্টন, টেরিটরি অফিসার মোস্তফা কামাল ও মার্কেটিং অফিসার শিপন। এ ছাড়া সবুজ বীজ ভান্ডারের স্বত্বাধিকারী মনোয়ার হোসেন সবুজ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, কৃষির উৎপাদন বাড়াতে শুধু প্রচলিত পদ্ধতিতে চাষাবাদ করলেই হবে না। কৃষকদের আধুনিক কৃষিপ্রযুক্তি, উন্নতমানের বীজের ব্যবহার এবং সময়োপযোগী চাষাবাদ পদ্ধতি সম্পর্কে জানতে হবে। ফসলের ধরন ও মৌসুম অনুযায়ী উপযুক্ত বীজ নির্বাচন এবং সঠিক পদ্ধতিতে চাষাবাদ করা গেলে ফলন বাড়ানোর পাশাপাশি উৎপাদন খরচ ও ঝুঁকি কমানোর সুযোগ তৈরি হয়। তারা আরও বলেন, কৃষকদের উৎপাদন বাড়ানোর পাশাপাশি আর্থিকভাবে লাভবান হওয়ার বিষয়টিও গুরুত্বপূর্ণ। এ জন্য টেকসই কৃষি ব্যবস্থাপনা, সময়মতো বীজ বপন এবং কৃষিবিষয়ক প্রয়োজনীয় পরামর্শ গ্রহণের ওপর গুরুত্ব দিতে হবে। আধুনিক প্রযুক্তি সম্পর্কে কৃষকদের সচেতনতা বাড়ানো গেলে কৃষি খাতের উন্নয়ন আরও গতিশীল হবে। বক্তাদের মতে, কৃষকদের কাছে নতুন প্রযুক্তি ও উন্নত বীজের ব্যবহারসংক্রান্ত তথ্য পৌঁছে দিতে এ ধরনের সমাবেশ কার্যকর ভূমিকা রাখতে পারে। কৃষকদের প্রয়োজন অনুযায়ী পরামর্শ ও সহযোগিতা দেয়া গেলে তারা চাষাবাদে আরও সচেতন সিদ্ধান্ত নিতে পারবেন।
সমাবেশে আধুনিক চাষাবাদ পদ্ধতি, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং টেকসই কৃষিব্যবস্থা গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। কৃষির উন্নয়নে কৃষক, বীজ সরবরাহকারী প্রতিষ্ঠান ও কৃষিসংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বিত উদ্যোগের ওপরও গুরুত্বারোপ করা হয়।


