নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে মিনাজ মন্ডল (৫০) নামের এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। জরিমানার টাকা পরিশোধ না করলে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগানপাড়ায় জেলা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে নেশাগ্রস্ত অবস্থায় মিনাজ মন্ডলকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হলে আদালত এই সাজা দেন। গ্রেপ্তার মিনাজ মন্ডল বাগানপাড়া গ্রামের মৃত আলী হোসেন মন্ডল।
পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার পুলিশ সুপারের সার্বিক দিক-নির্দেশনায় জেলার বিভিন্ন ইউনিটে মাদক ও চোরাচালানসহ বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আকরাম খাঁনের নেতৃত্বে পুলিশের একটি দল বাগানপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানকালে বাগানপাড়া গ্রামের পান্নার বসতবাড়ির সামনে পাকা সড়কের ওপর মিনাজ মন্ডলকে দেখতে পায় পুলিশ। পুলিশের দাবি, তিনি মাদক সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন এবং পুলিশের উপস্থিতিতেই অসংলগ্ন কথাবার্তা বলছিলেন। পরে তাকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় সামারি ট্রায়াল প্রসিকিউশন করা হয় এবং তাকে আদালতে পাঠানো হয়। আদালত শুনানি শেষে ওই ধারার অপরাধে মিনাজ মন্ডলকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।


