নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে গাঁজা ও মাদক সেবনের ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের কাছ থেকে মোট ৬৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অন্য একজনকে মাদক সেবনরত অবস্থায় শনাক্ত করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত ও বিচারিক আদালতের মাধ্যমে চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড দেয়া হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত চুয়াডাঙ্গা সদর, জীবননগর ও দামুড়হুদা উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়।
অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক রফিকুল ইসলাম স্বাক্ষরিত তথ্য অনুযায়ী, দামুড়হুদা উপজেলার জয়রামপুর মনিরপাড়ার মনির হোসেন (৪০) মাদক সেবনরত অবস্থায় শনাক্ত হন। জীবননগর উপজেলার খয়েরহুদা পশ্চিমপাড়ার মুন্নাফের (৫২) কাছ থেকে ৫৫ গ্রাম, চুয়াডাঙ্গা পৌর এলাকার জোয়ার্দারপাড়ার আরিফুল ইসলামের (৪৬) কাছ থেকে ৫ গ্রাম এবং দামুড়হুদা উপজেলার মোমিনপুর কুতুবপাড়ার শহিদুলের (৪৪) কাছ থেকে ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অভিযানের পর মনির হোসেনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১। মুন্নাফকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২। অন্যদিকে, জেলা প্রশাসকের কার্যালয়ের মাধ্যমে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে আরিফুল ইসলাম ও শহিদুলকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উপপরিচালক রফিকুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এসব কার্যক্রম পরিচালনা করা হয়েছে। মাদকদ্রব্যের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


