নিজস্ব প্রতিবেদক:
সড়ক দুর্ঘটনা কমাতে শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ সড়ক ব্যবহারের সচেতনতা বাড়াতে চুয়াডাঙ্গায় সড়ক নিরাপত্তা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’Ñএ স্লোগানকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চুয়াডাঙ্গা সার্কেলের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়কে চলাচলের সময় সতর্কতা, ট্রাফিক আইন মেনে চলা এবং নিরাপদ সড়ক ব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনোয়ার হোসেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের সহকারী পরিচালক লিটন বিশ্বাস, ট্রাফিক ইন্সপেক্টর (শহর ও যানবাহন) আমিরুল ইসলাম, বিআরটিএর মোটরযান পরিদর্শক আমিনুল ইসলাম খান ও নাহিদ হাসান। এ সময় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা শুধু একটি পরিবারের জন্য নয়, পুরো সমাজের জন্যই বড় ক্ষতির কারণ। অসচেতনভাবে সড়ক পারাপার, ট্রাফিক আইন না মানা, অতিরিক্ত গতি এবং চালকের অসতর্কতাসহ নানা কারণে দুর্ঘটনা ঘটে। তাই দুর্ঘটনা প্রতিরোধে চালকদের পাশাপাশি পথচারী ও শিক্ষার্থীদেরও নিজ নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশে সড়ক পারাপারের সময় নির্ধারিত স্থান ও ফুটপাত ব্যবহারের ওপর গুরুত্ব দেয়া হয়। পাশাপাশি চলন্ত যানবাহনে ওঠানামা না করা, রাস্তা পার হওয়ার সময় মুঠোফোন ব্যবহার থেকে বিরত থাকা এবং ট্রাফিক সংকেত মেনে চলার পরামর্শ দেয়া হয়। বক্তারা আরও বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করা শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সংশ্লিষ্ট সরকারি সংস্থার একার দায়িত্ব নয়। চালক, পথচারী, শিক্ষার্থী, অভিভাবকসহ সমাজের প্রত্যেক মানুষের সম্মিলিত সচেতনতা ও দায়িত্বশীল আচরণই পারে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা তৈরির মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে আরও দায়িত্বশীল পথচারী ও নাগরিক হিসেবে গড়ে তোলার ওপরও গুরুত্ব দেয়া হয়। এ ধরনের কর্মসূচি নিয়মিত আয়োজনের প্রয়োজন রয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন।
কর্মসূচিতে বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের উচ্চমান সহকারী কাম কম্পিউটার অপারেটর সাকিরুল ইসলাম উপস্থিত ছিলেন।


