নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৬ লাখ ১৮ হাজার ৭৯০ টাকা মূল্যের ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)’র অধীন পাঁচটি সীমান্ত ফাঁড়ির (বিওপি) টহল দল পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ১৪৭ বোতল ভারতীয় এসকফ সিরাপ, ৫ হাজারটি ভারতীয় সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ৭ বোতল ভারতীয় মদ, ১৫৩ পিস ভারতীয় প্রসাধনী এবং ১০ কেজি ভারতীয় কিশমিশ।
৬ বিজিবি সূত্রে জানা গেছে, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান হিসেবে মঙ্গলবার সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়নের অধীন ফুলবাড়ী, বড়বলদিয়া, আনন্দবাস, দর্শনা ও জগন্নাথপুর বিওপির টহল দল সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে ভারতীয় এসব পণ্য আটক করা হয়। বিজিবি জানিয়েছে, জব্দ করা পণ্যের মধ্যে সবচেয়ে বড় অংশ মাদকদ্রব্য। সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা এসব মাদক ও পণ্য দেশের অভ্যন্তরে পাচারের উদ্দেশ্যে মজুত বা পরিবহনের চেষ্টা করা হচ্ছিল বলে ধারণা করছে বিজিবি। তবে অভিযানের সময় চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে আটক করার তথ্য জানানো হয়নি।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, দেশের সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সব সময় সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, সীমান্তকে নিরাপদ ও অপরাধমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিজিবি সূত্র জানিয়েছে, জব্দ করা সব পণ্যের আনুমানিক সিজারমূল্য ১৬ লাখ ১৮ হাজার ৭৯০ টাকা। এসব মালামাল বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


