নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৪ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের দুই থেকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে। গতকাল সোমবার সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে সেলিম (৪৬), হাইবার আলী (৪৪) ও জাহিদ (৩০) নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে পৃথকভাবে মোট ১৪ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী, আটক সেলিমের কাছ থেকে ৬ গ্রাম, হাইবার আলীর কাছ থেকে ৫ গ্রাম এবং জাহিদের কাছ থেকে ৩ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আশিস মোমতাজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের সাজা দেন। আদালত সেলিমকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন। হাইবার আলী ও জাহিদকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়। দণ্ডপ্রাপ্ত সেলিম চুয়াডাঙ্গা শহরের বাগানপাড়া এলাকার মৃত আলমের ছেলে। হাইবার আলী নুরনগর কলোনিপাড়ার মৃত নাজিমুদ্দিন শেখের ছেলে। আর জাহিদ শহরতলী দৌলতদিয়াড় বঙ্গজপাড়া এলাকার মৃত আলী হোসেনের ছেলে। চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রফিকুল ইসলামের দেয়া তথ্যের ভিত্তিতে এ অভিযানের বিবরণ জানা গেছে।

দামুড়হুদায় তিন গ্রাম গাঁজাসহ চঞ্চল আলী নামের এক যুবককে গ্রেপ্তারঃ ছবি খাসখবর
দামুড়হুদা অফিস জানিয়েছেন, দামুড়হুদায় তিন গ্রাম গাঁজাসহ চঞ্চল আলী (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে তাকে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। গতকাল সোমবার সকাল আনুমানিক ১১টার দিকে দামুড়হুদা উপজেলার পোড়াপাড়া (ঈদগাহপাড়া) এলাকায় নিজের বসতবাড়ির উঠান থেকে চঞ্চল আলীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে তিন গ্রাম গাঁজা উদ্ধার করে জব্দ করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ্ উদ্দিনের তত্ত্বাবধানে থানার পুলিশ সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) ফাহিম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল পোড়াপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় চঞ্চল আলীকে তাঁর নিজ বাড়ির উঠান থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার চঞ্চল আলী দামুড়হুদা উপজেলার পোড়াপাড়া (ঈদগাহপাড়া) গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আব্দুর রাজ্জাক। অভিযানের সময় উদ্ধার করা গাঁজা জব্দ তালিকা তৈরি করে জব্দ করা হয়। পরে চঞ্চল আলীকে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের জন্য সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (সংক্ষিপ্ত বিচার আদালত) হাজির করা হয়। আদালত তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হলে তাকে অতিরিক্ত সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ্ উদ্দিন বলেন, মাদকদ্রব্য উদ্ধার, মাদক কেনাবেচায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং চোরাকারবারি, ছিনতাইকারী, দস্যু ও ডাকাতসহ অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে


