আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজদেশের খবরখুলনা বিভাগচুয়াডাঙ্গা-মেহেরপুরে কন্যাশিশু দিবস পালন 

চুয়াডাঙ্গা-মেহেরপুরে কন্যাশিশু দিবস পালন 




নিজস্ব প্রতিবেদক:

‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’Ñএই প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বাল্যবিয়ে বন্ধ, কন্যাশিশুর মতামতের গুরুত্ব, শিক্ষা ও পুষ্টি নিশ্চিত করা এবং নারী-পুরুষের বৈষম্য দূর করার ওপর গুরুত্ব দেন।
জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়। এতে স্থানীয় সরকারের উপ-পরিচালক শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি এম তারিক-উজ-জামানসহ অতিথিরা এবং জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। শোভাযাত্রাটি কোর্ট মোড় প্রদক্ষিণ করে আবার জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের ডিসি সাহিত্য মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সৌম্য জিতা শ্রুতির সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতাপাঠ করা হয়। স্বাগত বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক তাজুল ইসলাম। সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক শারমিন আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে শারমিন আক্তার বলেন, কন্যাশিশুরা যেন সুন্দর পরিবেশে বেড়ে উঠতে পারে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সমান অধিকার পায়, সে জন্য সবাইকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। পরিবারে কন্যাশিশুর মতামতকে গুরুত্ব দিতে হবে। এ গুরুত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে নারীর আর্থিক স্বাবলম্বিতাও গুরুত্বপূর্ণ। তিনি বলেন, নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী হতে হলে শুধু চিকিৎসক বা প্রকৌশলী হতে হবে, এমন নয়। গৃহিণী কিংবা গ্রামাঞ্চলে বসবাসকারী নারীরাও পতিত জমিতে শাকসবজি চাষ, হাঁস-মুরগি পালনসহ বিভিন্ন কাজের মাধ্যমে আয় করতে পারেন। এতে তাদের আর্থিক সক্ষমতা বাড়বে এবং পরিবারে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মতামতের গুরুত্বও প্রতিষ্ঠিত হবে। নারীদের নিরাপত্তার প্রসঙ্গ তুলে শারমিন আক্তার বলেন, এখনো নারীদের বাইরে চলাফেরার ক্ষেত্রে নানা বিষয় নিয়ে চিন্তা করতে হয়। এমনকি অনেককে অভিভাবক ছাড়া রাতে বাইরে বের হওয়ার ক্ষেত্রেও সমস্যার মুখে পড়তে হয়। এ পরিস্থিতির পরিবর্তনে নারীর নিরাপত্তা, মর্যাদা ও সমান অধিকার নিশ্চিত করা প্রয়োজন।
আলোচনা সভায় কন্যাশিশুদের পক্ষে বক্তব্য প্রদানকালে চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী মাশরুরা মাহযাবিন মাইশা জানায়, নারীরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে দক্ষতার পরিচয় দিলেও বাল্যবিয়ে এখনো বড় সমস্যা। বিশেষ করে গ্রামাঞ্চলে অনেক মেয়েকে ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই বিয়ে দেয়া হয়। এতে তারা শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং নিজেদের সম্ভাবনা বিকাশের সুযোগ থেকে বঞ্চিত হয়। মাশরুরা মাহযাবিন আরও বলে, বাল্যবিয়ে বন্ধে শুধু আইন প্রণয়ন করলেই হবে না, আইনের যথাযথ বাস্তবায়নও নিশ্চিত করতে হবে। পাশাপাশি অভিভাবকদের সচেতন করে তুলতে হবে। কন্যাশিশুদের জন্য সুষম খাবার, সুচিকিৎসা ও সুশিক্ষার ব্যবস্থা উন্নত করতে হবে, যাতে তারা নিজেদের যোগ্যতা ও মেধার বিকাশ ঘটিয়ে সামনে এগিয়ে যেতে পারে। নারী-পুরুষের বৈষম্য দূর করার আহ্বান জানিয়ে সে আরও বলে, বৈষম্য রেখে একটি জাতির সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তাই কন্যাশিশুদের বেড়ে ওঠা, শিক্ষা গ্রহণ ও নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি এম তারিক-উজ-জামান, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম সনি এবং শিশু বিষয়ক কর্মকর্তা নজরুল ইসলাম। এছাড়া মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা শিশু একাডেমির কর্মকর্তারা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
দামুড়হুদা অফিস জানিয়েছে, ‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গার দামুড়হুদায় উদযাপিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬। গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথমে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রী, শিক্ষক, সরকারি কর্মকর্তা, এনজিও কর্মী ও সুধীজন অংশগ্রহণ করেন। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার লাভলী ইয়াসমিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কন্যাশিশুরা জাতির ভবিষ্যৎ। তাদের শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে পারলেই স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব। বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি, যা কন্যাশিশুর স্বপ্নকে অঙ্কুরেই বিনষ্ট করে দেয়। বাল্যবিবাহ প্রতিরোধে সরকার কঠোর আইন প্রণয়ন করেছে। এ জন্য সকলকে সামাজিকভাবে সচেতন হতে হবে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার লাভলী ইয়াসমিন বলেন, আজকের কন্যাশিশুই আগামী দিনের নারী নেতৃত্ব দেবে। তাদেরকে আত্মবিশ্বাসী ও দক্ষ করে গড়ে তুলতে শিক্ষা ও প্রযুক্তিতে এগিয়ে নিতে হবে। শিশু বিয়ে বন্ধে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মোহাঃ মশিউর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান, দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি শামছুজোহা পলাশসহ অন্যান্য অতিথিবৃন্দ। বক্তারা কন্যাশিশুর অধিকার, বাল্যবিবাহের কুফল ও সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামাত ইসলামের আমীর নায়েব আলী, সেক্রেটারী আবেদ উদ দৌলা টিটনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও আমন্ত্রিত সূধীবৃন্দ। আলোচনা শেষে কন্যাশিশু দিবস উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
জীবননগর অফিস জানিয়েছে, ‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ এ প্রতিপাদ্যে নানা আয়োজনের মধ্য দিয়ে চুয়াডাঙ্গার জীবননগরে আন্তজার্তিক ও জাতীয় কন্যা শিশু দিবস পালন হয়েছে। দিবসটি পালনের অংশ হিসেবে গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় জীবননগর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী করা হয়। র‌্যালীটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জীবননগর উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানি।
বক্তব্যে তিনি বলেন, শুধুমাত্র পুত্র সন্তানেরা বংশের প্রদীপ কথাটা ঠিক না। পুত্র সন্তানদের পাশাপাশি এখন কন্যা সন্তানরাও পরিবারে অর্থনীতি সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। কন্যা সন্তানদের অপ্রাপ্ত বয়সে বিয়ে না দিয়ে তাদেরকে সুশিক্ষিত হওয়ার সুযোগ দিতে হবে। এখন পুত্র সন্তানদের চেয়ে কন্যা সন্তানেরাই বাবা-মাকে বেশি দেখভাল করে। তাই কন্যা সন্তানদের বেশি করে যত্ন নিতে হবে। তাদেরকে সবধরনের সুযোগ সুবিধা দিয়ে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। একদিন তারাই বিশ্বজয় করবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখার রহমান, সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা জামিল আক্তার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পাবেল রানা, প্রাণী সম্পদ কর্মকতা শামছুল আফরিন, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের প্রশিক্ষক নাছিমা খাতুন, অফিস সহকারী ফিরোজ-উর রশিদ, জহুরুল ইসলাম, জেন্ডার প্রোমোটার (কিশোর কিশোরী ক্লাব) সহ অনেকে।
মেহেরপুর অফিস জানিয়েছে, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে মেহেরপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। ‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’Ñপ্রতিপাদ্যকে সামনে রেখে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে গতকাল সোমবার দুপুরে মেহেরপুর জেলা শিশু একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাসিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থ প্রতিম শীল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার আহমেদ, জেলা শিশু একাডেমির ভারপ্রাপ্ত শিশু বিষয়ক কর্মকর্তা বুলবুলি খাতুন এবং মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদ।
আলোচনা সভায় কন্যাশিশুদের অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিক্ষা ও উন্নয়নের মাধ্যমে তাদের সম্ভাবনা বিকাশের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি কন্যাশিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং সমাজের সর্বস্তরে তাদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানানো হয়। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে দিবসটি উপলক্ষে জেলা শিশু একাডেমির সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হকের নেতৃত্বে র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালিতে অন্যদের মধ্যে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার আহমেদ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাসিমা খাতুন, জেলা শিশু একাডেমির ভারপ্রাপ্ত শিশু বিষয়ক কর্মকর্তা বুলবুলি খাতুনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীরা অংশ নেয়।
অপরদিকে, জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে মেহেরপুর জেলা শিশু একাডেমির উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে মেহেরপুর জেলা শিশু একাডেমি মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা শিশু একাডেমির ভারপ্রাপ্ত শিশু বিষয়ক কর্মকর্তা বুলবুলি খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থ প্রতিম শীল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার আহমেদ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাসিমা খাতুন এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদ। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ