দর্শনা অফিস:
দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভা এবার জাতীয় তথ্য বাতায়নের আওতাভুক্ত হয়েছে। এর ফলে পৌরসভার বাসিন্দারা ঘরে বসেই অনলাইনে পৌরসভার বিভিন্ন নোটিশ, অফিস আদেশ, নাগরিক সেবা, উন্নয়ন কর্মকাণ্ডসহ গুরুত্বপূর্ণ তথ্য ও কার্যক্রম সম্পর্কে জানতে পারবেন। পৌর প্রশাসক শাহিন আলমের সার্বিক তত্ত্বাবধানে দর্শনা পৌরসভার জন্য জাতীয় তথ্য বাতায়নে নতুন একটি পোর্টাল চালু করা হয়েছে। পোর্টালটি চালুর ফলে তথ্যপ্রযুক্তিনির্ভর নাগরিক সেবার ক্ষেত্রে দর্শনা পৌরসভা আরও এক ধাপ এগিয়ে গেল বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
নতুন পোর্টালে পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য নিয়মিত হালনাগাদ করে নাগরিকদের জন্য সহজলভ্য করার উদ্যোগ নেয়া হয়েছে। ফলে কোনো নির্দিষ্ট তথ্যের জন্য নাগরিকদের বারবার পৌরসভা কার্যালয়ে ছুটে যাওয়ার প্রয়োজন হবে না। ঘরে বসেই অনলাইনে প্রয়োজনীয় তথ্য দেখার সুযোগ পাবেন তারা। বিশেষ করে পৌরসভার বিভিন্ন নোটিশ, অফিস আদেশ, উন্নয়নমূলক কর্মকাণ্ড, নাগরিক সেবা ও অন্যান্য গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্পর্কে তথ্য পোর্টালে পাওয়া যাবে। এতে নাগরিক সেবা পাওয়ার ক্ষেত্রে সময় ও ভোগান্তি কমার পাশাপাশি পৌরসভার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে বলে আশা করা হচ্ছে।
পৌর প্রশাসকের নির্দেশক্রমে পৌরসভার সহকারী প্রকৌশলী ও পৌর নির্বাহী কর্মকর্তা সাজেদুল আলমকে পোর্টালের ফোকাল পারসন ও তথ্য প্রদানকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। আর পোর্টালের তথ্য নিয়মিত হালনাগাদ করার দায়িত্ব পালন করবেন পৌরসভার কম্পিউটার অপারেটর মেহেদী হাসান।
এ বিষয়ে দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির সদস্য ও পৌর বিএনপির সাবেক সভাপতি হাজী খন্দকার শওকত আলী বলেন, পৌরসভার গুরুত্বপূর্ণ তথ্য অনলাইনে পাওয়া গেলে সাধারণ মানুষের জন্য এটি বড় সুবিধা হবে। কোনো তথ্যের জন্য তাদের বারবার পৌরসভা কার্যালয়ে যেতে হবে না। তিনি বলেন, পোর্টালটি নিয়মিত হালনাগাদ রাখার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দর্শনা পৌরসভার প্রশাসক শাহিন আলম বলেন, নাগরিকদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়া এবং পৌরসভার কার্যক্রমকে আরও স্বচ্ছ ও সহজলভ্য করাই আমাদের লক্ষ্য। তিনি বলেন, জাতীয় তথ্য বাতায়নে দর্শনা পৌরসভা অন্তর্ভুক্ত হওয়ায় এখন পৌরবাসী ঘরে বসেই পৌরসভার বিভিন্ন তথ্য ও সেবা সম্পর্কে জানতে পারবেন। পোর্টালে নিয়মিত তথ্য হালনাগাদ করা হবে, যাতে দর্শনাবাসী প্রয়োজনীয় ও সঠিক তথ্য সহজেই পান। তিনি আরও বলেন, প্রযুক্তিনির্ভর নাগরিক সেবা নিশ্চিত করতে দর্শনা পৌরসভা ধাপে ধাপে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।


