সরোজগঞ্জ প্রতিনিধি:
চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ বাজারপাড়ায় একটি বাড়ির দোতলায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিনগত গভীর রাতে দুর্বৃত্তরা ওই বাড়ি থেকে নগদ ৫ লাখ টাকা ও ১৫ ভরি ওজনের স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ডিঙ্গেদহ বাজারপাড়ায় মৃত ইসরাফিল হোসেনের বাড়িটির নিচতলায় আশা এনজিও সমিতির একটি কার্যালয় রয়েছে। বাড়িটির দোতলায় শুক্রবার রাতে চুরির ঘটনা ঘটে। দুর্বৃত্তরা কীভাবে বাড়িতে প্রবেশ করেছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। ওই সময় বাড়িতে মৃত ইসরাফিলের স্ত্রী ঘুমিয়ে ছিলেন। তবে চোরেরা বাড়ি থেকে নগদ ৫ লাখ টাকা ও ১৫ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। চুরির বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজনের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং খোয়া যাওয়া টাকা ও স্বর্ণালংকার উদ্ধারে তদন্ত কার্যক্রম চলছে।
মৃত ইসরাফিল হোসেনের স্ত্রী সাহিদা খাতুন বলেন, তিনি বাড়ির দোতলায় একাই থাকেন। অন্যান্য দিনের মতো রাতেও ঘুমিয়ে পড়েছিলেন। তবে ফজরের নামাজের আগে তার ঘুম ভেঙে যায়। এ সময় পাশে রাখা দুটি মুঠোফোন খুঁজে পাননি। হাতে থাকা দুটি বালাও ছিল না। পরে দেখতে পান, ঘরের বাতি জ্বলছে এবং লকার খোলা। এরপর লকারে থাকা জিনিসপত্র পরীক্ষা করে দেখেন, তার প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫ লাখ টাকা চুরি হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, আমরা অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।
ডিঙ্গেদহ বাজারপাড়ার মতো এলাকায় বাড়ির দোতলায় এ ধরনের চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।


