জীবননগর অফিস:
জীবননগর উপজেলায় প্রান্তিক জনগোষ্ঠীর সহায়তায় একযোগে তিনটি ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় মনোহরপুর ইউনিয়নসংলগ্ন আদিবাসী পাড়ায় উৎসবমুখর পরিবেশে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মনোহরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম। তিনি বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্বাচনী ইশতেহার ও প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া হচ্ছে। এর মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন ও অর্থনৈতিক সুরাহা নিশ্চিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সুপারভাইজার চান্দিনা ইয়াসমিন, উপজেলা যুবদলের সদস্যসচিব কামরুজ্জামান কামরুল, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা শাহিন মোল্লা এবং তিন ইউনিয়নের ফ্যামিলি কার্ড কার্যক্রমের সুপারভাইজার আফরোজা খাতুন।
বক্তারা তাদের বক্তব্যে ফ্যামিলি কার্ড কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের আর্থসামাজিক উন্নয়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে কার্যক্রমের সুফল নিশ্চিত করতে প্রকৃত সুবিধাভোগী নির্বাচন এবং বিতরণপ্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা জরুরি। তারা আরও বলেন, শতভাগ স্বচ্ছতা ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রেখে ফ্যামিলি কার্ড কার্যক্রম পরিচালনা করা হবে, যাতে যোগ্য কোনো ব্যক্তি সুবিধা থেকে বঞ্চিত না হন। এ জন্য স্থানীয় প্রশাসন, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সমন্বিত সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মনোহরপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জাফিরুল হক জাফির, ওয়ার্ড বিএনপির সভাপতি ইসমাইল হোসেন, যুবদল নেতা সাইমুন ইসলাম রুবেল, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম তিসাস ও যুবদল নেতা সুজন। এ ছাড়া স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।


