দর্শনা অফিস:
দর্শনা পৌরসভার শান্তিপাড়া এলাকায় মাদকসহ রাজু ইসলাম (২৭) নামের এক যুবককে স্থানীয় লোকজন আটক করে পুলিশে সোপর্দ করেছেন। পরে সংক্ষিপ্ত বিচারে আদালত তাকে এক মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও সাত দিনের কারাদণ্ড ভোগ করতে হবে। দণ্ডপ্রাপ্ত রাজু ইসলাম দর্শনা পৌরসভার শান্তিপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাতে দর্শনা থানার শান্তিপাড়া গ্রামের রাব্বি মিয়া কফি হাউসের সামনে পাকা সড়কে মাদকসহ রাজু ইসলামকে স্থানীয় লোকজন আটক করেন। পরে বিষয়টি দর্শনা থানায় জানানো হলে এসআই (নিঃ) সাইফুল মোল্লার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়। আটকের পর রাজু ইসলামকে জিজ্ঞাসাবাদ ও আইনগত প্রক্রিয়া শেষে গতকাল রবিবার সংক্ষিপ্ত বিচারের জন্য বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত) আদালতে উপস্থাপন করা হয়। শুনানি শেষে আদালত তাকে এক মাসের কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হলে অতিরিক্ত সাত দিনের কারাদণ্ডের আদেশ দেয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, দর্শনা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলামের তত্ত্বাবধানে এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান ও নজরদারি চালানো হচ্ছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দর্শনা থানার ওসি নজরুল ইসলাম। তিনি বলেন, এভাবে এলাকার সচেতন মহল যদি মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়, তাহলে আমাদের পক্ষে মাদক নিয়ন্ত্রণ করা অনেক সহজ হয়ে যাবে। মাদকবিরোধী কাজে যুক্ত ব্যক্তিদের নিরাপত্তার জন্য আমাদের পুলিশ সবসময় তাদের পাশে আছে।


