দর্শনা অফিস:
দামুড়হুদায় কুড়ুলগাছিতে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের ওপর হামলা করে হ্যান্ডকাপ পরা অবস্থায় আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য আবু ছিদ্দিককে ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে হ্যান্ডকাপ পরা অবস্থায় আবু ছিদ্দিক পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর রাতেই অভিযান চালিয়ে তিন নারীসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। পলাতক আবু ছিদ্দিককে গ্রেপ্তার এবং ঘটনায় জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল বুধবার রাত নয়টার দিকে দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের চণ্ডীপুর এলাকায় এ ঘটনা ঘটে। আবু ছিদ্দিক কুড়ুলগাছি ইউনিয়নের চণ্ডীপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং ইউপি সদস্য।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবু ছিদ্দিককে গ্রেপ্তারের জন্য গতকাল বুধবার রাত আটটার দিকে দর্শনা থানার একটি দল চণ্ডীপুর এলাকায় যায়। অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে হ্যান্ডকাপ পরায়। এ সময় তার পরিবারের সদস্যরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশের দাবি, হামলায় দুই পুলিশ সদস্য গুরুতর আহত হন। তাদের মধ্যে আমিনুল ইসলাম নামের এক পুলিশ সদস্যের দুই হাত রক্তাক্ত জখম হয়েছে। পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়ার পর হ্যান্ডকাপ পরা অবস্থাতেই আবু ছিদ্দিক পালিয়ে যান। ঘটনার পরপরই পুলিশ চণ্ডীপুর এলাকায় অভিযান শুরু করে। অভিযানে চণ্ডীপুর হালদারপাড়ার রবি হালদারের ছেলে লক্ষ্মণ, সেলিমের ছেলে ফিরোজ, সঞ্চয়ের স্ত্রী কণা ও সনজিতের স্ত্রী সোনালীসহ ছয়জনকে আটক করা হয়। তাদের মধ্যে তিনজন নারী। আটক ব্যক্তিদের থানায় পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
দর্শনা থানার ওসি (তদন্ত) মুখলেসুর রহমান বলেন, পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাকে ছিনিয়ে নেয়া এবং পুলিশ সদস্যদের আহত করার ঘটনায় তিন নারীসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারেও পুলিশ অভিযান চালাচ্ছে।
দামুড়হুদা-জীবননগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নুরুল্লাহ বলেন, আওয়ামী লীগ নেতা আবু ছিদ্দিককে আটক করতে গেলে তার পরিবারের লোকজন পুলিশের ওপর হামলা চালায়। এ সময় আমাদের দুইজন পুলিশ সদস্য আহত হন। পলাতক আবু ছিদ্দিককে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশের ওপর হামলা এবং গ্রেপ্তার ব্যক্তিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়ার অভিযোগের ঘটনায় চণ্ডীপুর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হ্যান্ডকাপ পরা অবস্থায় পালিয়ে যাওয়া আবু ছিদ্দিককে গ্রেপ্তারে রাতভর পুলিশের অভিযান চলেছে।


