দামুড়হুদা অফিস:
দামুড়হুদা উপজেলার জয়রামপুর হাজীপাড়া জামে মসজিদে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় সহজ কোরআন শিক্ষা কেন্দ্রে পবিত্র কোরআন শরিফের সবক গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে ৩৫ জন শিক্ষার্থী পবিত্র কোরআন শরিফের সবক গ্রহণ করে। গতকাল বৃহস্পতিবার সকাল সাতটার দিকে মসজিদ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরিফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের দামুড়হুদা উপজেলা শাখার মডেল কেয়ারটেকার রহমত আলী। বিশেষ অতিথি ছিলেন জয়রামপুর ডিএস দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা আবুল হোসেন, সাধারণ কেয়ারটেকার নজরুল ইসলাম, রফিকুল ইসলাম জিয়া, আব্দুল হালিম, মনিরুজ্জামান, আহমেদ আলী ও মাওলানা ইয়াসিন আরাফাত। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংশ্লিষ্ট শিক্ষা কেন্দ্রের শিক্ষক হাফেজ জিল্লুর রহমান। ইসলামিক ফাউন্ডেশন ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’র অংশ হিসেবে এ শিক্ষা কেন্দ্র পরিচালিত হচ্ছে। কেন্দ্রটির নাম জয়রামপুর হাজীপাড়া জামে মসজিদ সহজ কোরআন শিক্ষা কেন্দ্র। এর কেন্দ্র কোড নম্বর ৫৪১। এ কার্যক্রমের মাধ্যমে শিশুদের পবিত্র কোরআন পাঠ শেখানোর পাশাপাশি ধর্মীয় জ্ঞান অর্জন, নৈতিকতা ও মূল্যবোধ বিকাশের সুযোগ তৈরি হচ্ছে। মসজিদকেন্দ্রিক এ শিক্ষা উদ্যোগ শিশুদের প্রাথমিক ধর্মীয় শিক্ষার ভিত্তি গড়ে তুলতে ভূমিকা রাখছে। অনুষ্ঠানে ৩৫ শিক্ষার্থীর কোরআন শিক্ষার নতুন ধাপে প্রবেশকে কেন্দ্র করে উপস্থিত ব্যক্তিরা ধর্মীয় শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, শিশুদের ছোটবেলা থেকেই কোরআন শিক্ষা ও নৈতিক মূল্যবোধ চর্চার সুযোগ করে দেয়া গেলে তাদের মধ্যে সততা, শৃঙ্খলা ও মানবিক গুণাবলি বিকাশে সহায়ক পরিবেশ তৈরি হতে পারে।


