দামুড়হুদা অফিস:
দামুড়হুদায় মিনি স্টেডিয়াম মাঠের সামনে মার্কেট নির্মাণের পরিকল্পনা বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকেরা। তাদের ভাষ্য, মাঠের সামনে মার্কেট নির্মাণ করা হলে উপজেলার একমাত্র খেলার মাঠটির স্বাভাবিক পরিবেশ, সৌন্দর্য ও যাতায়াতব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে। এতে খেলাধুলা ও শরীরচর্চার পরিবেশও বাধাগ্রস্ত হতে পারে। গতকাল রবিবার বিকেল পাঁচটার দিকে দামুড়হুদা মিনি স্টেডিয়াম মাঠের সামনে সচেতন নাগরিক সমাজ, দামুড়হুদার উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। মানববন্ধন শেষে মাঠের উন্মুক্ত স্থান ও পরিবেশ অক্ষুণ্ন রাখার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিনের কাছে স্মারকলিপি দেন আয়োজকেরা।
মানববন্ধনে বক্তারা বলেন, দামুড়হুদা মিনি স্টেডিয়াম মাঠটি উপজেলার একমাত্র খেলার মাঠ ও উন্মুক্ত স্থান। স্থানীয় শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলা, শরীরচর্চা এবং অবসর কাটানোর জন্য মাঠটি গুরুত্বপূর্ণ। এ মাঠের সামনে মার্কেট নির্মাণ করা হলে মাঠের স্বাভাবিক পরিবেশ ও সৌন্দর্য নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে মানুষের চলাচল ও মাঠে প্রবেশের পথেও প্রতিবন্ধকতা তৈরি হতে পারে। বক্তারা আরও বলেন, খেলার মাঠ শুধু খেলাধুলার জায়গা নয়, এটি এলাকার মানুষের সুস্থ বিনোদন ও সামাজিক মেলামেশারও গুরুত্বপূর্ণ কেন্দ্র। তাই মাঠের উন্মুক্ত পরিবেশ অক্ষুণ্ন রাখা প্রয়োজন। জনস্বার্থ বিবেচনায় নিয়ে মাঠের সামনে মার্কেট নির্মাণের পরিকল্পনা থেকে সরে আসার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
মানববন্ধন শেষে আয়োজকদের পক্ষ থেকে ইউএনওর কাছে দেয়া স্মারকলিপিতে মিনি স্টেডিয়াম মাঠের উন্মুক্ত স্থান ও পরিবেশ অক্ষুণ্ন রাখার দাবি জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা জামায়াতের আমির নায়েব আলী, সেক্রেটারি আবেদ উদ দৌলা টিটন, দপ্তর সম্পাদক ইখতিয়ার হোসেন, দামুড়হুদা ইউনিয়ন জামায়াতের আমির আলিমুদ্দিন, হাউলী ইউনিয়ন জামায়াতের আমির ওবায়দুর রহমানসহ সচেতন নাগরিক সমাজের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


