নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা শহর ও আলমডাঙ্গা পৌর এলাকার বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। গতকাল মঙ্গলবার মহানবমীর দিন তিনি চুয়াডাঙ্গা শহরের শ্রী শ্রী সত্যনারায়ণ মন্দির এবং আলমডাঙ্গা পৌর এলাকার রথতলা ও কলেজপাড়ার পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, পূজার সার্বিক খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে শরীফুজ্জামান শরীফ বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে হিন্দু, মুসলমানসহ সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবেন এবং স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করবেনÑএটাই প্রত্যাশা। ধর্ম যার যার, দেশটি সবার। শারদীয় দুর্গোৎসব শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করার উপলক্ষ। তিনি বলেন, দেশনায়ক তারেক রহমান সবাইকে সমানভাবে দেখেন, কাউকে ছোট করে দেখেন না। তার নেতৃত্বে আগামী দিনে সংখ্যালঘু বলে কোনো শব্দ থাকবে না, সবাই সমান অধিকার নিয়ে বসবাস করবেন। শরীফুজ্জামান শরীফ আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের পাশে জেলা পরিষদ ও জেলা বিএনপি সবসময় রয়েছে। তাদের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। সবাইকে নিয়ে এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে ধর্ম-বর্ণনির্বিশেষে মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করবেন এবং একে অপরের সুখ-দুঃখ ভাগাভাগি করে নেবেন। দুর্গাপূজাকে কেন্দ্র করে কোথাও যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে দলমত-নির্বিশেষে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বিএনপি সব সময় মানুষের ধর্মীয় স্বাধীনতা, নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠার পক্ষে।
চুয়াডাঙ্গা শহরের শ্রী শ্রী সত্যনারায়ণ মন্দির পরিদর্শনকালে উপস্থিত হন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার ও সদর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান। আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক জয়ন্ত সিংহ রায়, মন্দিরের সভাপতি কিশোর কুমার আগারওয়াল ও সাধারণ সম্পাদক বনোজ কুমার আগরওয়ালসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অন্যদিকে, আলমডাঙ্গায় পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক ও প্রবাসী ব্যবসায়ী হাসিবুল হক লিপু, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহাবুল মাস্টার, বিএনপি নেতা আলমগীর হোসেন লালন, রফিকুল ইসলাম ও আলতাফ হোসেন। এছাড়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মীর আসাদুজ্জামান উজ্জ্বল, পৌর যুবদলের আহ্বায়ক নাজিম উদ্দিন মোল্লা, যুগ্ম আহ্বায়ক খন্দকার আব্দুল কাদের, রথতলা পূজামন্দিরের সভাপতি বিদ্যুৎ সাহা ও সাধারণ সম্পাদক অসীম কুমার সাহা এবং কলেজপাড়া মন্দিরের সভাপতি পরিমল কুমার ঘোষ কালুসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও পূজামণ্ডপসংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


