নিজস্ব প্রতিবেদক:
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় ২০০ প্যাকেট কীটনাশক ও ৬৫৩ পিস ওষুধ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়া অবৈধভাবে ভারতে যাওয়ার সময় এক দালালসহ চার বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। এ সময় তাদের ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করা হয়। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর থেকে গতকাল শুক্রবার ভোর পর্যন্ত মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) অধীন বিভিন্ন সীমান্ত এলাকায় নিয়মিত চোরাচালানবিরোধী অভিযান ও টহল চলাকালে এসব মালামাল উদ্ধার এবং ব্যক্তিদের আটক করা হয়। ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ২টা ২০ মিনিটে নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের ৬৬/৭-এস পিলার থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তুহিন মিয়ার আমবাগানে অভিযান চালানো হয়। নায়েব সুবেদার শরীফ উদ্দিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মালিকবিহীন ভারতীয় ২০০ প্যাকেট কীটনাশক উদ্ধার করা হয়। এরপর গতকাল শুক্রবার ভোর ৩টা ৩৫ মিনিটে যাদবপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে আরও ভারতীয় পণ্য উদ্ধার করা হয়। সীমান্তের ৫০-এমপি পিলার থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেতবাড়িয়া গ্রামের তোবিবুরের কালাইক্ষেতের পাশ থেকে নায়েব সুবেদার আবু বকরের নেতৃত্বে মালিকবিহীন ৬৫৩ পিস ভারতীয় ওষুধ উদ্ধার করেন বিজিবি সদস্যরা। অন্যদিকে, বৃহস্পতিবার রাত ৯টা ৩৫ মিনিটে খোসালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল চালানোর সময় দালালসহ তিন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। সীমান্তের ৬০/৭৭-আর পিলার থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে যশোরপুর গ্রাম এলাকায় এ অভিযান চালানো হয়। হাবিলদার মনির হোসেনের নেতৃত্বে পরিচালিত টহল দল বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় তাদের আটক করে। আটক ব্যক্তিরা হলেন দালাল বিল্লাল হোসেন (৩৫)। তিনি মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের মৃত শামসুল মল্লিকের ছেলে। তার সঙ্গে আটক অপর তিনজন হলেন কুমিল্লার লালমাই উপজেলার যুক্তিখোলা গ্রামের সাইদে আলম (২২), নাঙ্গলকোট উপজেলার ছোট সঙ্গীপুর গ্রামের সাব্বির হোসাইন (২৩) এবং চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার চরহোগলা গ্রামের মাহমুদুল হাসান (২১)।
বিজিবি জানায়, আটক ব্যক্তিরা বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় তাদের ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করা হয়। পরে আটক চারজন, জব্দ করা ইজিবাইক ও দালাল বিল্লাল হোসেনকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। চোরাচালান প্রতিরোধের পাশাপাশি সীমান্ত দিয়ে অবৈধভাবে যাতায়াত ঠেকাতে নিয়মিত অভিযান ও টহল পরিচালনা করছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।
দামুড়হুদার জুড়ানপুরে চেয়ারম্যানপ্রার্থী বাবু’র মোটরসাইকেল শোডাউনে
কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নবাসীর ভালোবাসায় মুগ্ধ হয়েছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আল মাসুম বাবু। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টায় জুড়ানপুর ইউনিয়নে মোটরসাইকেল শোডাউনের আয়োজন করা হয়। শোডাউনটি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত পথসভায় চেয়ারম্যান পদপ্রার্থী আল মাসুম বাবু বলেন, আপনাদের এই ভালোবাসা ও সমর্থন আমাকে মুগ্ধ করেছে। আমি আপনাদেরই সন্তান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনাদের দোয়া ও সমর্থন নিয়ে জুড়ানপুরের উন্নয়নে কাজ করতে চাই। এর আগে আমার শ্রদ্ধেয় চাচা সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম ফজলুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে আমি জুড়ানপুরকে একটি আধুনিক, উন্নত ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। আপনারা পাশে থাকলে এই পরিবর্তন সম্ভব।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত জনতা হাত তুলে আল মাসুম বাবুকে সমর্থন জানান এবং নির্বাচনে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।


