নিজস্ব প্রতিবেদক:
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক দুটি অভিযানে ভারতীয় ৪৮ বোতল সিরাপ ও ৪৩ প্যাকেট কীটনাশক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)’র রাজপুর ও গয়েশপুর বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় এসব অভিযান চালানো হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা যায়, ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টার দিকে রাজপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। সীমান্ত পিলার ৭১/৯-এস থেকে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজাপুর গ্রামের আল আমিনের আখক্ষেতের পাশে অভিযানটি পরিচালনা করেন বিজিবির সদস্যরা। অভিযানে নেতৃত্ব দেন রাজপুর বিওপির হাবিলদার আব্দুল জলিল মোল্লা। এ সময় ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ৪৮ বোতল ভারতীয় সিরাপ জব্দ করা হয়। অন্যদিকে, একই দিন দুপুর একটার দিকে মহেশপুরের গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালায় বিজিবি। সীমান্ত পিলার ৬৯-এমপি থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর গ্রামের উত্তরপাড়া মাঠের জাহাঙ্গীরের আমবাগানের মধ্যে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বিজিবির নায়েক লুৎফর। আমবাগানের মধ্যে তল্লাশি চালিয়ে সেখান থেকে ৪৩ প্যাকেট ভারতীয় কীটনাশক উদ্ধার করা হয়। এসব পণ্যও পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। অভিযানের সময় চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)’র সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এসব তথ্য জানিয়েছেন।
সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানি পণ্য প্রবেশ ঠেকাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি। এরই ধারাবাহিকতায় একই দিনে মহেশপুরের দুটি সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে মাদক ও ভারতীয় পণ্য জব্দ করা হয়।


