নিজস্ব প্রতিবেদক:
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে এক ব্যক্তিকে বাংলাদেশে পুশ-ইন করার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বাংলাদেশে প্রবেশের আগেই বিজিবির টহলদলের নজরে পড়ায় ওই ব্যক্তিকে পুশ-ইন করতে পারেনি বিএসএফ। বিজিবির তৎপরতায় বিএসএফের ওই চেষ্টা প্রতিহত করা হয়েছে। গতকাল রবিবার বেলা পৌনে ১১টার দিকে মহেশপুর উপজেলার খোসালপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি বিএসএফের সংশ্লিষ্ট ব্যাটালিয়নকে অবগত করেছে বিজিবি।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সূত্রে জানা যায়, সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে সীমান্ত পিলার ৬০/৯৮-আর বরাবর অবস্থিত গেট দিয়ে ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের রামনগর ক্যাম্পের সদস্যরা এক অজ্ঞাতনামা পুরুষকে বাংলাদেশে পুশ-ইন করার চেষ্টা করেন। ওই ব্যক্তি বাংলাদেশে প্রবেশের জন্য সীমান্তের দিকে এগিয়ে আসার সময় খোসালপুর বিওপির টহলদলের নজরে পড়েন। পরিস্থিতি বুঝতে পেরে বিজিবির টহলদল দ্রুত তৎপর হয় এবং ওই ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। বিজিবির বাধার মুখে তিনি বাংলাদেশে ঢুকতে পারেননি। পরে তিনি ভারতের অভ্যন্তরে সীমান্তের কাঁটাতারের কাছাকাছি অবস্থান করছেন বলে জানা গেছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, টহলদলের সময়োপযোগী তৎপরতার কারণে বিএসএফের অবৈধভাবে পুশ-ইন করার চেষ্টা কার্যকরভাবে প্রতিহত করা সম্ভব হয়েছে। একই সঙ্গে বিষয়টি ইতিমধ্যে ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নকে অবগত করা হয়েছে। সীমান্তে এ ধরনের পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশের ঘটনা ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)’র সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, সীমান্ত সুরক্ষা, পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি দায়িত্বশীল ভূমিকা পালন করছে। সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির সদস্যরা সর্বোচ্চ সতর্কতা ও তৎপরতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।


