আলমডাঙ্গা অফিস:
বাংলাদেশ মানবাধিকার কমিশন আলমডাঙ্গা উপজেলা শাখার সহযোগিতায় এবং দাতা সদস্য প্রবাসী জামিল হোসেনের অর্থায়নে আলমডাঙ্গা উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে আশিকের বাড়িতে একটি টিউবওয়েল স্থাপন করা হয়েছে। এটি সংগঠনটির উদ্যোগে স্থাপিত ২৮তম টিউবওয়েল।
জানা যায়, বাঁশবাড়িয়া গ্রামের আশিকের পরিবার দীর্ঘদিন ধরে সুপেয় পানির সংকটে ভুগছিল। নিরাপদ খাবার পানি সংগ্রহ করতে তাদের নানা ভোগান্তি পোহাতে হতো। বিষয়টি জানতে পেরে বাংলাদেশ মানবাধিকার কমিশন আলমডাঙ্গা উপজেলা শাখার সহযোগিতায় বিনামূল্যে টিউবওয়েল স্থাপনের উদ্যোগ নেয়া হয়। পরে মানবাধিকার কর্মী শামীম রেজা ও চঞ্চল হোসেনের মাধ্যমে পরিবারটির পক্ষ থেকে বাংলাদেশ মানবাধিকার কমিশন আলমডাঙ্গা উপজেলা শাখায় আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে দাতা সদস্য প্রবাসী জামিল হোসেনের অর্থায়নে গতকাল শুক্রবার আশিকের বাড়িতে টিউবওয়েলটি স্থাপন করা হয়।
টিউবওয়েল স্থাপনের পর আশিক বলেন, দীর্ঘদিন ধরে পানির সমস্যায় ভুগছিলাম। টিউবওয়েল পাওয়ায় আমাদের পরিবারের দীর্ঘদিনের পানির কষ্ট দূর হলো। যারা সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। বাংলাদেশ মানবাধিকার কমিশন আলমডাঙ্গা উপজেলা শাখার পক্ষ থেকে জানানো হয়, মানুষের মৌলিক অধিকার ও নিরাপদ পানির নিশ্চয়তা নিশ্চিত করতে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। শাখায় প্রাপ্ত আবেদনগুলো যাচাই-বাছাই ও সরেজমিনে পর্যবেক্ষণের মাধ্যমে নিতান্তই অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে অগ্রাধিকার দেয়া হচ্ছে। সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রবাসীদের সহযোগিতায় ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আরও জনকল্যাণমূলক ও মানবিক উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।


