মেহেরপুর অফিস:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর (বাজারপাড়া) থেকে অনলাইন জুয়ার এজেন্ট ও সাইবার সুরক্ষা আইনের একাধিক মামলার পলাতক আসামি শামীম রেজাকে (৩২) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা গোয়েন্দা শাখার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) শরিফুল ইসলামের নেতৃত্বে কোমরপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মেহেরপুর জেলা পুলিশের প্রেস রিলিজে জানানো হয়, শামীম রেজার বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। পুলিশের অভিযোগ, শামীম রেজা আন্তর্জাতিক অনলাইন ক্যাসিনো প্ল্যাটফর্ম ব্যবহার করে দেশে-বিদেশে অর্থ লেনদেনের সঙ্গে জড়িত ছিলেন। পাশাপাশি বিকাশ, নগদ, রকেট ও উপায় মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ লেনদেন এবং ফেসবুক ও টেলিগ্রাম গ্রুপে দ্রুত আয়ের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে অনলাইন জুয়ার ফাঁদে ফেলতেন। এসব অভিযোগে তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর ২০(২), ২৪(২) ও ২৭(২) ধারায় মামলা চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। অভিযানের সময় শামীম রেজার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে সাইবার সুরক্ষা আইনের মামলার পলাতক আসামি হিসেবে যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে জেলা পুলিশ। মেহেরপুর জেলা পুলিশ জানিয়েছে, অনলাইন ক্যাসিনো ও মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।


