মেহেরপুর অফিস:
মেহেরপুর সদর উপজেলায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযানে হেরোইন সেবনের দায়ে দুই তরুণকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে ১ গ্রাম গলিত হেরোইন উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার মেহেরপুর সদর উপজেলার গুচ্ছগ্রাম এলাকার রেনুকার লিচুবাগানে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার শাকির আহম্মেদের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মেহেরপুর শহরের মিয়া পাড়ার মৃত আব্দুল্লার ছেলে মিকাইল ইসলাম (৩১) এবং সদর উপজেলার রামদাসপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে হুসাইন (২০)।
অভিযানসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গুচ্ছগ্রাম এলাকার রেনুকার লিচুবাগানে মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় সন্দেহভাজন হিসেবে মিকাইল ইসলাম ও হুসাইনকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে ১ গ্রাম গলিত হেরোইন উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তারা হেরোইন সেবনের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযানকারী কর্মকর্তারা জানান। আটকের পর তাদের ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হয়। শুনানি শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকির আহম্মেদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাশেল আহমেদ ও উপপরিদর্শক রহমত আলী অভিযানে মামলার বাদী হিসেবে দায়িত্ব পালন করেন। মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।


