গাংনী অফিস:
মেহেরপুরের গাংনী উপজেলার ভাটপাড়া মোড় (কসবা) এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। আটকের পর স্থানীয় লোকজন তাদের মারধর করলে দুজনই আহত হন। পরে পুলিশ তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। আটক দুজন হলেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত সেকেন আলীর ছেলে কবির হোসেন ওরফে খাজা (৩০) এবং একই উপজেলার কামালপুর নতুন মাঠপাড়া এলাকার বিদ্যুতের ছেলে প্রান্ত পারভেজ (২৪)। গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভাটপাড়া গ্রামের একটি এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা করছিলেন ওই দুই যুবকÑএমন সন্দেহ হলে স্থানীয় কয়েকজন তাদের গতিরোধ করেন। পরে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে উত্তেজিত লোকজন তাদের মারধর করেন। এতে দুজন আহত হন। খবর পেয়ে গাংনী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের নিজেদের হেফাজতে নেয়। পরে আহত অবস্থায় দুজনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, গাংনী উপজেলায় সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া একাধিক মোটরসাইকেল চুরির ঘটনায় আটক দুই যুবকের সম্পৃক্ততা থাকতে পারে। তবে তাদের বিরুদ্ধে আগের কোনো চুরির ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ এখনো প্রমাণিত হয়নি।
গাংনী থানা-পুলিশ জানিয়েছে, আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের কাছে মোটরসাইকেল চুরির কোনো সরঞ্জাম ছিল কি না এবং গাংনী উপজেলায় সাম্প্রতিক সময়ে সংঘটিত মোটরসাইকেল চুরির ঘটনায় তাদের কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশের তদন্ত ও জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানা গেছে।


