নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের দেয়া বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা ইজিবাইক, রিকশা ও পাখিভ্যান মালিক-শ্রমিক সমবায় সমিতি। সমিতির নেতারা দাবি করেছেন, সোমবার বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আলোচনা সভায় বক্তব্যকে কেন্দ্র করে জেলার পরিবহন খাতে যে উত্তেজনা তৈরি হয়েছে, তা দ্রুত নিরসনে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। গতকাল সোমবার রাত ৯টায় চুয়াডাঙ্গা জেলা ইজিবাইক, রিকশা ও পাখিভ্যান মালিক-শ্রমিক সমবায় সমিতির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন সমিতির সভাপতি আবু সাঈদ সুজন। তিনি বলেন, সোমবার চুয়াডাঙ্গা বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে দেয়া বক্তব্যের প্রতিবাদ জানাতেই তাদের এ সংবাদ সম্মেলন। তার দাবি, ওই বক্তব্যের মাধ্যমে উত্তেজনা সৃষ্টি হতে পারে। তাই জেলার শান্তিপূর্ণ পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখতে বক্তব্য প্রত্যাহারের দাবি জানান তিনি। আবু সাঈদ সুজন বলেন, শান্তিপূর্ণ চুয়াডাঙ্গায় কোনো ধরনের উত্তেজনা বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হোক, তারা তা চান না। এ ধরনের বক্তব্যের কারণে ভবিষ্যতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় সংশ্লিষ্ট বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নকে নিতে হবে বলে তিনি দাবি করেন। একই সঙ্গে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি আরও দাবি করেন, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত রিপন মন্ডলের বক্তব্য ও ভূমিকা ঘিরে বাস মালিক সমিতি এবং ইজিবাইক মালিক-শ্রমিক সমিতির মধ্যে উত্তেজনা তৈরি হচ্ছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি। সমিতির সভাপতি বলেন, পরিবহন খাতের বিরোধকে কেন্দ্র করে কোনো ধরনের সংঘাত বা বিশৃঙ্খলা সৃষ্টি না করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা প্রয়োজন। একই সঙ্গে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক জুয়েল রানা, সিনিয়র সহসভাপতি মঞ্জুরুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শান্তি হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু তালেব, অর্থ সম্পাদক আবু তালহা, দপ্তর সম্পাদক আতিকুর রহমান বিটুল, প্রচার সম্পাদক জুম্মান আলী, ক্রীড়া সম্পাদক নাইম-উর-রহমান, অফিস বিষয়ক সম্পাদক আব্দুল মজিদ, লাইন সেক্রেটারি আরিফুজ্জামান ও নির্বাহী সদস্য শুকুর আলীসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে নেতারা চুয়াডাঙ্গার পরিবহন খাতে চলমান বিরোধ নিরসনে সংশ্লিষ্ট সংগঠনগুলোর মধ্যে আলোচনা ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে কোনো ধরনের উসকানিমূলক বক্তব্য বা কর্মকাণ্ডের মাধ্যমে যাতে পরিস্থিতির অবনতি না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।


