সরোজগঞ্জ প্রতিনিধি:
চুয়াডাঙ্গার মোহাম্মদজুমা ফুটবল মাঠে জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হয়েছে কেএফসি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে হিঙ্গারপাড়া একাদশকে ২-০ গোলে পরাজিত করে শিরোপা জিতে নিয়েছে বোয়ালিয়া একাদশ। গত বুধবার বিকেল চারটার দিকে অনুষ্ঠিত ফাইনাল ঘিরে মোহাম্মদজুমা মাঠে ছিল উৎসবের আমেজ। খেলা দেখতে মাঠে জড়ো হন আশপাশের বিভিন্ন এলাকার বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক। দুই দলের খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণে পুরো ম্যাচজুড়েই ছিল উত্তেজনা। শেষ পর্যন্ত কাক্সিক্ষত জয় নিয়ে মাঠ ছাড়ে বোয়ালিয়া একাদশের খেলোয়াড়েরা। খেলা শেষে মাঠেই আয়োজন করা হয় পুরস্কার বিতরণী ও আলোচনা অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোমিনুল ইসলাম, রাশিদুল ইসলাম, কুতুবপুর ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুনসুর আলী, বিএনপির অন্যতম নেতা হাসিবুর রহমান হাসি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুর রহিম, থানা যুবদলের সাবেক সদস্য আরিফুল ইসলাম আরিফ এবং কুতুবপুর ইউনিয়ন বিএনপির ৪ নম্বর ওয়ার্ড সভাপতি হাসমত আলী। এ ছাড়া কুতুবপুর ক্যাম্পের টুআইসি সাজিদুর রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সার্বিকভাবে সহযোগিতা করেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি আশিকুর রহমান। খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন থানা যুবদলের সাবেক সদস্য মনিরুল ইসলাম অনিক।
প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম নজু বলেন, মাদককে না বলতে হবে। আমাদের যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি আরও বেশি আগ্রহী করে তুলতে হবে। খেলাধুলা শুধু শরীর ও মনকে সুস্থ রাখে না, এটি যুবকদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, যুবকদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজন করা প্রয়োজন। তরুণদের মাঠমুখী করার পাশাপাশি তাদের ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। একটি সুন্দর, সুস্থ ও মানবিক সমাজ গঠনে তরুণ প্রজন্মের শক্তিকে কাজে লাগানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
ফাইনাল ম্যাচে শুরু থেকেই হিঙ্গারপাড়া একাদশ ও বোয়ালিয়া একাদশের খেলোয়াড়দের মধ্যে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও সুযোগ কাজে লাগানোর ক্ষেত্রে এগিয়ে যায় বোয়ালিয়া একাদশ। শেষ পর্যন্ত তারা ২-০ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে। খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে উল্লাসে মেতে ওঠেন বোয়ালিয়া একাদশের খেলোয়াড় ও সমর্থকেরা।


