আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় দুটি আলাদা অভিযানে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের একজন মাদক মামলার পলাতক আসামি এক নারী। অন্যজন এক যুবক, যার কাছে একটি ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া গেছে। রবিবার রাতে আলমডাঙ্গা পৌর এলাকার স্টেশনপাড়া ও উত্তর নিমতলীতে এ অভিযান চালানো হয়। গতকাল সোমবার দুপুরে দুজনকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার হওয়া দুজন হলেনÑ স্টেশনপাড়ার রুবেলের স্ত্রী লিজা (৩৩) এবং বড় গাংনী ইউনিয়নের উত্তর নিমতলী গ্রামের প্রয়াত সামছুল হোসেনের ছেলে ফরহাদ হোসেন (২০)।
পুলিশ জানায়, রবিবার রাত সাড়ে ১০টার দিকে স্টেশনপাড়া স্টেশনের গুদামঘরের সামনের পাকা রাস্তা থেকে লিজাকে ধরা হয়। মাদক নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় তিনি আসামি। অনেক দিন ধরে তিনি পলাতক ছিলেন। থানার এসআই শাহরিয়ার হোসেন রুবেলের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়। একই রাতে ১১টার দিকে উত্তর নিমতলী গ্রামে মুকুলের চায়ের দোকানের সামনের রাস্তা থেকে ফরহাদকে ধরেন বড় গাংনী বাজার পুলিশ ক্যাম্পের সদস্যরা। এ অভিযানে নেতৃত্ব দেন এসআই সৈয়দ আসাদুজ্জামান। তল্লাশি করে ফরহাদের কাছে একটি ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। দ্রুত বিচারের জন্য মামলাটি সামারি ট্রায়ালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, দুজনের বিরুদ্ধেই আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে তাদের আদালতে তোলা হয়। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ রাকিবুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে। মাদক মামলার পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য অভিযানে এক যুবকের কাছ থেকে ট্যাপেন্টাডল জব্দ করা হয়েছে। দুজনকেই আদালতে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।


