আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় জরুরি ভিত্তিতে সার ডিলার নিয়োগের জন্য জমা পড়া ১৯২টি আবেদন যাচাই-বাছাইয়ে চারটি উপ-কমিটি গঠন করা হয়েছে। উপজেলার একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়নে সার ডিলার নিয়োগের লক্ষ্যে এসব আবেদন জমা পড়ে। যোগ্য প্রার্থী বাছাইয়ে প্রতিটি উপকমিটিকে চারটি করে ইউনিয়নের আবেদন যাচাই-বাছাইয়ের দায়িত্ব দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত উপজেলা সার-বীজ মনিটরিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় বর্তমান সার পরিস্থিতি, কৃষকদের কাছে সার সরবরাহ স্বাভাবিক রাখা, জব্দ করা সার ব্যবস্থাপনা এবং সরকারি নীতিমালা অনুসরণ করে ডিলার নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সার-বীজ মনিটরিং কমিটির সভাপতি শাহীনূর আক্তারের সভাপতিত্বে সভায় উপস্থাপনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা ও কমিটির সদস্যসচিব কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ। সভায় জানানো হয়, আলমডাঙ্গা উপজেলার একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়নে সার ডিলার নিয়োগের জন্য মোট ১৯২টি আবেদন জমা পড়েছে। আবেদনকারীদের যোগ্যতা ও অন্যান্য বিষয় যাচাই করে উপযুক্ত প্রার্থী নির্বাচন করতে চারটি উপকমিটি গঠন করা হয়েছে। উপকমিটিগুলোর আহ্বায়ক করা হয়েছে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উজ্জ্বল কুমার কুন্ডু, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাবরিনা মুজাইল নাবিলা, উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা সেলিম রেজা এবং সমাজসেবা কর্মকর্তা সাজ্জাদ হোসেনকে। প্রতিটি উপকমিটি চারটি করে ইউনিয়নের আবেদন যাচাই-বাছাই করবে।
সভায় আলমডাঙ্গার বর্তমান সার পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়। কৃষকদের প্রয়োজন অনুযায়ী সার সরবরাহ স্বাভাবিক রাখা, সারের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং সরকারি নীতিমালা মেনে ডিলার নিয়োগের ওপর গুরুত্বারোপ করেন কমিটির সদস্যরা। পাশাপাশি বিভিন্ন অভিযানে জব্দ করা সার যথাযথ প্রক্রিয়ায় ব্যবস্থাপনার বিষয়টিও আলোচনায় আসে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনূর আক্তার বলেন, কৃষকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সার ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা করতে হবে। ডিলার নিয়োগের ক্ষেত্রে আবেদনগুলো স্বচ্ছ ও নিরপেক্ষভাবে যাচাই-বাছাই করতে হবে, যাতে যোগ্য প্রার্থীরাই দায়িত্ব পান।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উজ্জ্বল কুমার কুন্ডু, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাবরিনা মুজাইল নাবিলা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উদয় রহমান, পুলিশ পরিদর্শক (অপারেশন) হোসেন আলী, উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা সেলিম রেজা, সমাজসেবা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা ফারুক মহলদার (অ.দা.), মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আব্দুস ছাত্তার, যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার কুন্ডু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মতিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এছাড়া সভায় উপজেলা বিএনপির সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দার, সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান মিনাজ উদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মাহাবুল মাস্টার, বিসিআইসি সার ডিলার আব্দুল বারী, আসিফ আল নুর তামিম, এমএস জোহা কলেজের সহকারী অধ্যাপক মিজানুর রহমান, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ঈসা খান, আমজাদ হোসেন, পান্না মিয়াসহ কমিটির সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সার ডিলার নিয়োগের আবেদন যাচাই-বাছাইয়ের মাধ্যমে দ্রুত যোগ্য প্রার্থী নির্বাচন এবং কৃষকদের কাছে সার সরবরাহের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে সভা শেষ হয়।


