আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় এক মলম ব্যবসায়ী হকারকে মারধর করে মোটরসাইকেল, মুঠোফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার কালিদাসপুর ইউনিয়নের পারকুলা গ্রামের আবাসন এলাকার সড়কে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার ফারুক হোসেন (৪৭) মেহেরপুরের গাংনী উপজেলার বাদিয়াপাড়া মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা। তিনি বিভিন্ন এলাকায় ঘুরে মলম বিক্রি করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে পারকুলা আবাসন এলাকার সড়ক থেকে ‘বাঁচাও, বাঁচাও’ বলে চিৎকার শুনতে পান তারা। পরে কয়েকজন স্থানীয় বাসিন্দা লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলের দিকে ছুটে যান। সেখানে সড়কের পাশে জামাকাপড় ছেঁড়া ও আঘাতপ্রাপ্ত অবস্থায় ফারুককে পড়ে থাকতে দেখেন তারা। উদ্ধারের পর ফারুক স্থানীয়দের জানান, ৫ থেকে ৬ জন ব্যক্তি ধারালো অস্ত্র দেখিয়ে তার গতিরোধ করেন। একপর্যায়ে তারা তার মোটরসাইকেল, মুঠোফোন ও নগদ এক হাজার টাকা কেড়ে নেন। মালামাল দিতে আপত্তি করলে তাকে মারধর করে সড়কের পাশে ফেলে রেখে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। খবর পেয়ে পাইকপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ফারুককে ফাঁড়িতে নিয়ে যায়।
পাইকপাড়া পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে। তবে গভীর রাত হওয়ায় এ বিষয়ে পুলিশের কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।


