নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পৌর জামায়াতের ব্যতিক্রমধর্মী শব্বেদারিতে (নৈশ ইবাদত) জামায়াতের জেলা নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামীর কর্মীদের রাত্রি জাগরণের দিকে গুরুত্ব দিতে হবে। গতকাল বৃহস্পতিবার রাতে জেলা জামায়াত কার্যালয়ে শব্বেদারিতে তিনি উপরোক্ত কথা বলেন।
তিনি সূরা সফ থেকে দারসুল কুরআন পেশকালে আরো বলেন, সাহাবীগণ দিনে কঠোর পরিশ্রম ও রাত্রী জাগরণের মধ্য দিয়ে সময় অতিবাহিত করতেন। আমাদেরকেও সাহাবীদের আদলে জীবন গড়ে তুলতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান গণসংযোগ পরিচালনায় ইউনিট দায়িত্বশীলদের ওপর আলোচনা রাখেন। এ বিষয়ে কাজের গুরুত্ব বোঝাতে কুরআন ও হাদিস থেকে আলোচনা পেশ করেন। তিনি আরো বলেন, প্রতিকুল পরিবেশে ও কুরআনের আলোকে জীবন অতিবাহিত করতে হবে। জেলা প্রশিক্ষণ সম্পাদক জিয়াউল হক ইউনিট পরিচালনায় দায়িত্বশীল ভূমিকার উপর আলোচনা রাখেন। রাত ৩ টায় মাসলা মাসায়েল ও কুরআনের আয়াত মুখস্থ পড়া ধরেন জেলা মিডিয়া ও প্রচার বিভাগের সম্পাদক মফিজুর রহমান জোয়ার্দ্দার। উপস্থিত ছিলেন পৌর জামায়াতের ইউনিট সভাপতি ও সেক্রেটারিবৃন্দ। এ আয়োজনে জামায়াত কর্মীরা ব্যক্তিগত ইবাদত, লেখাপড়া, তাহাজ্জুদ ও নফল ইবাদতে সময় ব্যয় করবেন।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় শুরু হয়ে আজ শুক্রবার ফজর নামাজ আদায় করে আয়োজন শেষ হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর আমির অ্যাডভোকেট হাসিবুল ইসলাম। পরিচালনা করেন পৌর সেক্রেটারি মোস্তফা কামাল। মেহমান হিসেবে আরো উপস্থিত ছিলেন পৌর নায়েবে আমির মাহবুব আশিক শফি, পৌর প্রচার সম্পাদক হুমায়ুন কবির শান্ত, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইমরান হোসেন, ৪নং ওয়ার্ড সেক্রেটারি দেলোয়ার হোসেন, ৮নং ওয়ার্ড আমির গাজী আনাস ও সেক্রেটারি শাহ আলম প্রমুখ।


