আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (ইউজিআইপি)’র আওতায় ১৫টি পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়ন বিষয়ে তৃতীয় পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় আলমডাঙ্গা থানাপাড়া কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা পৌরসভার প্রশাসক শাহিনুর আক্তারের সভাপতিত্বে সভায় ইউজিআইপি মাস্টার প্ল্যানের সিনিয়র আরবান প্ল্যানার দেবাশীষ চক্রবর্তী, জিআইসিডি (ইউজিআইপি) এস এম তারেক মামুন, মাস্টার প্ল্যান প্যাকেজ-২’র সিনিয়র আরবান প্ল্যানার সারোয়ার হোসেন অপু, আরবান প্ল্যানার ইয়াসিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় আলমডাঙ্গা পৌর নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত দে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাজ্জাত হোসেন উপস্থিত ছিলেন। পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মাহ্ফুজুর রহমান রানা সভাটি সঞ্চালনা করেন। সভায় রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। তাদের মধ্যে মেয়রপ্রার্থী জিল্লুর রহমান ওল্টু, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, মেয়রপ্রার্থী মীর আসাদুজ্জামান উজ্জল, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মামুন রেজা, সাবেক উপজেলা আমির শফিউল আলম বকুল, জামায়াত নেতা মাহের আলীসহ স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতারা ছিলেন।
সভায় পৌরসভার ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা, নগর অবকাঠামো, সড়ক যোগাযোগ, পানি নিষ্কাশন, পরিবেশ সংরক্ষণ ও নাগরিক সেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা হয়। পাশাপাশি পৌর এলাকার বিদ্যমান সমস্যা ও উন্নয়নের সম্ভাবনা চিহ্নিত করতে অংশগ্রহণকারীদের মতামত ও পরামর্শ নেয়া হয়।
আয়োজক সূত্র জানায়, ইউজিআইপি’র আওতায় ১৫টি পৌরসভার জন্য দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে ধারাবাহিকভাবে পরামর্শ সভা করা হচ্ছে। এসব সভায় সংশ্লিষ্ট এলাকার সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ উন্নয়নের প্রয়োজনীয়তা চিহ্নিত করে সমন্বিত ও দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা প্রণয়ন করা হবে।


