নেহালপুর প্রতিনিধি:
দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানির ডিহি বাণিজ্যিক খামারের জমি লিজ নেয়াকে কেন্দ্র করে নিজের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগকে ‘মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক প্রতিহিংসাপ্রসূত’ বলে দাবি করেছেন দর্শনা থানা যুবদলের সদস্য সচিব সাজেদুর রহমান মিলন মোল্লা। এসব অভিযোগের সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই দাবি করে তিনি প্রকৃত ঘটনা যাচাই-বাছাই করে সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা বলেন সাজেদুর রহমান মিলন মোল্লা।
লিখিত বক্তব্যে তিনি বলেন, কেরু অ্যান্ড কোম্পানির জমি লিজ নেয়াকে কেন্দ্র করে বিভিন্ন মাধ্যমে তার বিরুদ্ধে অভিযোগ ও সংবাদ প্রকাশিত হয়েছে। তবে এসব অভিযোগ সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর। একটি মহল রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে সাংবাদিকদের কাছে বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করেছে বলে দাবি করেন তিনি। সাজেদুর রহমান মিলন মোল্লার ভাষ্য, তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলোর সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব তথ্য প্রচারের কারণে তার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, কোনো ব্যক্তিকে নিয়ে সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট বিষয়ে যথাযথভাবে যাচাই-বাছাই করা প্রয়োজন। একপক্ষের দেয়া তথ্যের ওপর নির্ভর না করে প্রকৃত ঘটনা অনুসন্ধান করে সংবাদ প্রকাশ করলে বিভ্রান্তি এড়ানো সম্ভব। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, তার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের মাধ্যমে যেন সামাজিক ও রাজনৈতিকভাবে তার ভাবমূর্তি ক্ষুণ্ন না হয়। তাই অভিযোগগুলোর সত্যতা যাচাই করে প্রকৃত ঘটনা তুলে ধরার অনুরোধ জানান তিনি।


