আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজদেশের খবরখুলনা বিভাগচুয়াডাঙ্গায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীসহ ৪ জনের মৃত্যু

চুয়াডাঙ্গায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীসহ ৪ জনের মৃত্যু




দামুড়হুদা অফিস/কার্পাসডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গায় একই দিনে পৃথক তিন ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দামুড়হুদা উপজেলার লোকনাথপুরে টিউবওয়েলের বৈদ্যুতিক মোটরের তার চুরি করতে গিয়ে শরিফুল ইসলাম ওরফে বরু (৫০) নামে এক ব্যক্তি মারা গেছেন। একই উপজেলার কালিয়াবকরী গ্রামে ঘাস কাটার মেশিন প্রস্তুত করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন লিটন আলী (৩৫) ও তার স্ত্রী লিপা খাতুন (৩০)। এছাড়া চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়ায় নিজ বাড়িতে ইজিবাইক চার্জ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন নাসির উদ্দীন (৪০)। গতকাল মঙ্গলবার ভোর থেকে দুপুর পর্যন্ত পৃথক সময়ে এসব দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, দামুড়হুদা উপজেলার লোকনাথপুর পশ্চিমপাড়ায় টিউবওয়েলের বৈদ্যুতিক মোটরের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শরিফুল ইসলাম ওরফে বরু (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার ভোর আনুমানিক পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। নিহত শরিফুল ইসলাম দর্শনা থানার দর্শনা শান্তিপাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লোকনাথপুর পশ্চিমপাড়ার বাসিন্দা কেরামত আলী (৬৫) ও তার পরিবারের সদস্যরা সোমবার রাত আনুমানিক ১০টার দিকে ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার ভোরে কেরামত আলীর স্ত্রী মারুফা বেগম (৫০) ফজরের নামাজের জন্য ঘুম থেকে উঠে বাড়ির দক্ষিণ পাশে টিউবওয়েলের কাছে অজু করতে যান। সেখানে গিয়ে তিনি দেখতে পান, টিউবওয়েলের বৈদ্যুতিক মোটরের মেইন তারের সঙ্গে হাতে কাঁচি নিয়ে এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে আছেন। মারুফা বেগমের চিৎকারে তার ছেলে আশরাফুল ইসলাম ও প্রতিবেশী রশিদুল ইসলামসহ স্থানীয়রা ছুটে আসেন। পরে স্থানীয়ভাবে খোঁজ নিয়ে ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হয়, রাতের আঁধারে টিউবওয়েলের বৈদ্যুতিক মোটরের তার চুরি করতে গিয়ে শরিফুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হন। এ ঘটনায় বাড়ির মালিক কেরামত আলী বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
অন্যদিকে, দামুড়হুদার কালিয়াবকরী গ্রামে ঘাস কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর আনুমানিক একটার দিকে গ্রামের মাদ্রাসাপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন লিটন আলী (৩৫) ও তার স্ত্রী লিপা খাতুন (৩০)। লিটন আলী ওই এলাকার মাদার আলীর ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গবাদিপশুর জন্য বিচালি ঘাস কাটতে মঙ্গলবার দুপুরে ঘাস কাটার মেশিন প্রস্তুত করছিলেন লিটন আলী। এ সময় অসাবধানতাবশত তিনি মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হন। স্বামীকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে তাকে বাঁচাতে এগিয়ে যান স্ত্রী লিপা খাতুন। কিন্তু স্বামীকে রক্ষা করতে গিয়ে তিনিও বিদ্যুতের সংস্পর্শে আসেন। মুহূর্তের মধ্যেই দুজন গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদের মৃত্যু হয়। একসঙ্গে জীবন শুরু করেছিলেন লিটন ও লিপা। কিন্তু শেষ বিদায়ও নিতে হলো পাশাপাশি। তাদের এমন মর্মান্তিক মৃত্যুতে কালিয়াবকরী গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারি আর প্রতিবেশীদের কান্নায় ভারী হয়ে উঠেছে গ্রামের পরিবেশ।
স্থানীয় বাসিন্দারা বলেন, একই ঘটনায় স্বামী-স্ত্রীর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর এমন ঘটনা গ্রামে আগে কখনো ঘটেনি। এই মৃত্যু শুধু একটি পরিবারের নয়, পুরো গ্রামের মানুষকে শোকাহত করেছে। স্বজনেরা জানান, লিটন ও লিপার দুটি ছোট কন্যাশিশু রয়েছে। বাবা-মাকে একসঙ্গে হারিয়ে শিশু দুটির ভবিষ্যৎ নিয়েও এখন অনিশ্চয়তা তৈরি হয়েছে। পরে গ্রামের কবরস্থানে পাশাপাশি তাদের দাফন করা হয়। পাশাপাশি দুটি কবর যেন তাদের একসঙ্গে পথচলার শেষ স্মৃতিও হয়ে রইল।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ উদ্দিন বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
অপরদিকে, একই দিনে চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া গ্রামে ইজিবাইক চার্জ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাসির উদ্দীন (৪০) নামে এক ব্যক্তি মারা গেছেন। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে আলুকদিয়া গ্রামের চকপাড়ায় নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নাসির উদ্দীন ওই গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। তিনি ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
প্রতিবেশী যুবক নয়ন জানান, বাড়িতে ইজিবাইক চার্জ দেয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন নাসির উদ্দীন। এতে তিনি গুরুতর আহত হলে পরিবারের সদস্যদের সঙ্গে তিনি দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। স্থানীয় ইউপি সদস্য আল বেলাল বলেন, নিজ বাড়িতে ইজিবাইক চার্জ দেয়ার সময় নাসির বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাপলা খাতুন বলেন, নাসির উদ্দীনকে হাসপাতালে আনার পর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও ইসিজি করা হয়। পরে তাকে মৃত ঘোষণা করা হয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক তিন ঘটনায় চারজনের মৃত্যুতে চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। তিনটি ঘটনাতেই অসাবধানতা ও বিদ্যুৎ-সংক্রান্ত ঝুঁকি প্রাণঘাতী হয়ে উঠেছে। বিশেষ করে বাড়িতে বৈদ্যুতিক মোটর, ঘাস কাটার মেশিন কিংবা ইজিবাইক চার্জ দেয়ার মতো কাজে নিরাপত্তাবিধি মেনে চলার গুরুত্ব আবারও সামনে এসেছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ