নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পৌর এলাকায় বাগানপাড়ায় মাদক সেবনের পর অসংলগ্ন কথাবার্তা বলার অভিযোগে শরিফুল ইসলাম টোটন (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে সামারি ট্রায়াল আদালতে পাঠানো হলে আদালত তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন। জরিমানার টাকা পরিশোধ না করলে তাকে আরও সাত দিন বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। গতকাল রবিবার সকাল ৯টায় বাগানপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শরিফুল ইসলাম টোটন ওই এলাকার শরিবত মণ্ডলের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিট মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা সদর থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল থানা এলাকায় অভিযান চালায়। এ সময় টোটনকে তার বাড়ির সামনের রাস্তায় নেশাগ্রস্ত অবস্থায় অসংলগ্ন কথাবার্তা বলতে দেখে তাকে গ্রেপ্তার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় সামারি ট্রায়ালের জন্য একই দিন বেলা একটার দিকে তাকে আদালতে পাঠানো হয়। আদালত ওই ধারার অপরাধে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়। পরে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।


