নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার ভিমরুল্লাহ এলাকায় অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ ৭০ বছর বয়সী এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গতকাল রবিবার সকালে নতুন জেলাখানা গেটের বিপরীতে একটি চা ও মুদি দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাজমা বেগম (৭০) কুষ্টিয়া সদর উপজেলার আড়ুয়াপাড়া রাজারহাট এলাকার মৃত আব্দুল লতিফের স্ত্রী।
চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গতকাল রবিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এর অংশ হিসেবে চুয়াডাঙ্গার ভিমরুল্লাহ এলাকায় নতুন জেলখানা গেটের বিপরীতে ‘মিম স্টোর’ নামের একটি চা ও মুদি দোকানের সামনে অভিযান চালানো হয়। ডিএনসি জানায়, অভিযানের সময় দোকানের সামনে একটি বেঞ্চে বসে থাকা নাজমা বেগমের ডান হাতে থাকা পলিথিনের প্যাকেট তল্লাশি করা হয়। ওই প্যাকেটের ভেতর দুটি নীল রঙের জিপারযুক্ত প্যাকেটে ইয়াবা পাওয়া যায়। এর মধ্যে একটি নীল রঙের জিপারে কমলা রঙের মিথাইল অ্যামফিটামিনযুক্ত ২০০টি ইয়াবা ট্যাবলেট ছিল। এসব ইয়াবার ওজন ২০ গ্রাম। অপর নীল রঙের জিপারে পাওয়া যায় আরও ১০০টি ইয়াবা, যার ওজন ১০ গ্রাম। সব মিলিয়ে উদ্ধার হওয়া ইয়াবার সংখ্যা ৩০০টি এবং মোট ওজন ৩০ গ্রাম।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মনিরুজ্জামান বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি নিয়মিত মামলা করেছেন। চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।


