নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা শহরে ট্রাফিক আইন বাস্তবায়ন ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ অভিযান চালিয়েছে ট্রাফিক পুলিশ। গতকাল মঙ্গলবার শহরের গুরুত্বপূর্ণ তিনটি স্থানে চেকপোস্ট বসিয়ে চালানো এ অভিযানে আটটি মামলা, ৩৬ হাজার টাকা জরিমানা, সাতটি যানবাহন জব্দ এবং একটি প্রসিকিউশনের তথ্য পাওয়া গেছে।
গতকাল মঙ্গলবার শহরের শহীদ হাসান চত্বর, কোর্ট মোড় ও রেলগেট এলাকায় এসব চেকপোস্ট বসানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ট্রাফিক পুলিশের টিআই গোলাম সারওয়ার খান। এ সময় সার্জেন্ট নবাব, আজাহার, ওয়াসিম ও টিএসআই খায়রুলসহ ট্রাফিক পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। ট্রাফিক ইন্সপেক্টর (টিআই-অ্যাডমিন) আমিরুল ইসলাম জানান, শহরের সড়কগুলোতে শৃঙ্খলা বজায় রাখা এবং ট্রাফিক আইন কার্যকর করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ট্রাফিক পুলিশের এ অভিযানের মাধ্যমে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলোতে যান চলাচলে শৃঙ্খলা নিশ্চিত করা এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কার্যক্রম চালানো হচ্ছে।


