ঢাকা অফিস:
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির খুলনা ক্যাম্পাসের শিক্ষার্থী আজমুল হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার রাতে ও গতকাল দুপুরে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-০৬) ও খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ পৃথক অভিযান চালিয়ে খুলনা ও বরিশাল থেকে তাদের আটক করে। আটকরা হলেন- খুলনা বিশ্ববিদ্যালয়ের এফএমআরটি বিভাগের ১৬ ব্যাচের সাবেক শিক্ষার্থী হাসনাত হাবিব রিফাত, এগ্রোটেকনোলজি বিভাগের ১৭ ব্যাচের সাবেক শিক্ষার্থী প্রতাপ সরকার এবং বিশ্ববিদ্যালয়ের সামনে ফলের জুস দোকানের মালিক তারেক হাসান রুবেল।
হত্যা মামলাটি তদন্তের সঙ্গে যুক্ত একাধিক কর্মকর্তা জানান, হাসনাত হাবিব রিফাত ও প্রতাপ ওই মেসেই আজমুলের সঙ্গে থাকতেন। তাঁরা মারধরে অংশ নেন। খবর পেয়ে সেখানে যান জুস দোকান মালিক রুবেল। তিনিও মারধরে অংশ নেন। নগরীর হরিণটানা থানার ওসি ইকবাল হোসেন বলেন, আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করলে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। গত ১৮ সেপ্টেম্বর রাতে চুরির অপবাদ দিয়ে আজমুলকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আজমুলের বাবা খুলনা নগরীর হরিণটানা থানায় হত্যা মামলা করেন। এদিকে আজমুল হত্যার বিচার দাবিতে প্রতীকী মব কর্মসূচি ও মানববন্ধন করেছেন তার সহপাঠীরা। এ সময় হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।


