সরোজগঞ্জ প্রতিনিধি:
চুয়াডাঙ্গা সদর উপজেলার কিরনগাছি গ্রামে এক প্রবাসীর ফাঁকা বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির সীমানাপ্রাচীর টপকে ভেতরে ঢুকে জানালা ভেঙে ঘরে প্রবেশ করে দুর্বৃত্তরা। পরে ঘর থেকে স্বর্ণের চেইন, জমির দলিল, জামাকাপড়সহ বিভিন্ন জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। গতকাল রবিবার সকাল আটটা থেকে দুপুর ১২টার মধ্যে কোনো একসময় উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের নতুন মসজিদপাড়ায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীর পরিবার। ভুক্তভোগী লালচান আলী ওই গ্রামের জাহাবক্সের ছেলে। তিনি জীবিকার প্রয়োজনে প্রবাসে থাকেন। বাড়িটি ফাঁকা থাকার সুযোগে চোরেরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িতে লোকজন না থাকার সুযোগে দুর্বৃত্তরা সীমানাপ্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। এরপর জানালা ভেঙে ঘরে ঢুকে বিভিন্ন জিনিসপত্র তছনছ করে। একপর্যায়ে স্বর্ণের চেইন, জমির গুরুত্বপূর্ণ দলিল, জামাকাপড়সহ বিভিন্ন মালামাল নিয়ে সেখান থেকে চলে যায়। পরে চুরির বিষয়টি জানাজানি হলে এলাকায় উদ্বেগ দেখা দেয়। বিশেষ করে বাড়িতে কেউ না থাকলে নিরাপত্তা কতটা নিশ্চিত করা সম্ভব, তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তারা চুরির ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি চুরি যাওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


