জীবননগর অফিস:
জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের সন্তান আশরাফুল আলম রাষ্ট্রীয় মর্যাদাপূর্ণ ‘রাষ্ট্রপতির পুলিশ পদক’ (পিপিএম) অর্জন করেছেন। বাংলাদেশ পুলিশের সেবা ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে ২০২৫ সালের জন্য তাকে এই পদকের জন্য মনোনীত করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) লবণচরা থানার সেকেন্ড অফিসার ও উপ-পরিদর্শক (এসআই-নিরস্ত্র) হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। রাষ্ট্রপতির পুলিশ পদকের জন্য মনোনীতদের তালিকায় আশরাফুল আলমের নাম রয়েছে ৯ নম্বর ক্রমিকে। তার বিপি নম্বর ৮০০০০৪৭৭৯৮।
নিজের মেধা, নিষ্ঠা, যোগ্যতা ও কর্মদক্ষতার মাধ্যমে বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ এই স্বীকৃতি অর্জন করেছেন আশরাফুল আলম। তার এই সাফল্যের খবর ছড়িয়ে পড়ার পর চুয়াডাঙ্গার জীবননগরের মনোহরপুর গ্রামসহ পুরো উপজেলায় আনন্দের আবহ তৈরি হয়েছে। স্বজন, সহকর্মী, স্থানীয় বাসিন্দা ও শুভানুধ্যায়ীরা তাকে অভিনন্দন জানাচ্ছেন। আশরাফুল আলম জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের মরহুম ওমর আলীর দ্বিতীয় সন্তান। ছোটবেলা থেকেই মেধা ও অধ্যবসায়ের মাধ্যমে এগিয়ে যাওয়া আশরাফুল আলম কর্মজীবনেও দায়িত্বশীলতা ও পেশাগত দক্ষতার পরিচয় দিয়েছেন বলে জানিয়েছেন তার এলাকার বাসিন্দারা। রাষ্ট্রপতির পুলিশ পদক পাওয়ার খবর এলাকায় পৌঁছানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে অভিনন্দন জানাচ্ছেন অনেকে। স্বজন ও শুভানুধ্যায়ীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার এই অর্জনে আনন্দ প্রকাশ করেছেন।
মনোহরপুরের স্থানীয় বাসিন্দারা বলেন, আশরাফুল আলমের এই অর্জন শুধু তার পরিবারের নয়, পুরো জীবননগর উপজেলার জন্য গর্বের বিষয়। প্রত্যন্ত একটি গ্রামের সন্তান নিজের যোগ্যতা ও পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশ পুলিশের মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করেছেনÑএটি এলাকার তরুণদের জন্যও অনুপ্রেরণার। তারা আরও বলেন, কর্মক্ষেত্রে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার মাধ্যমে আশরাফুল আলম যে অবস্থানে পৌঁছেছেন, তা তরুণ প্রজন্মকে নিজের লক্ষ্য অর্জনে আরও উৎসাহিত করবে।


