জীবননগর অফিস:
জীবননগর বাজারে অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে চুয়াডাঙ্গা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অবৈধভাবে গ্যাস বিক্রি, মিথ্যা বিজ্ঞাপন দিয়ে লাইসেন্স ছাড়া চিকিৎসা ও ব্যবসা পরিচালনা এবং মেয়াদোত্তীর্ণ উপকরণ ব্যবহার করে কেক তৈরি ও বিক্রির অভিযোগে এসব জরিমানা করা হয়। গতকাল সোমবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত জীবননগর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্য, ওষুধ, গ্যাস ও বিভিন্ন খাদ্যপণ্যের দোকানে তদারকি করা হয়।
চুয়াডাঙ্গা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে অবৈধভাবে গ্যাস বিক্রির অভিযোগে মেসার্স মালেক গ্যাস হাউজের মালিক আব্দুল মালেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে লাইসেন্স ছাড়া চিকিৎসা প্রদান ও ব্যবসা পরিচালনার অভিযোগে মেসার্স খন্দকার ফার্মেসির মালিক তারিক জাফরকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ উপকরণ ব্যবহার করে কেক তৈরি ও বিক্রির অভিযোগে দি কেক হাউজের মালিক নেচার উদ্দিনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’র সংশ্লিষ্ট ধারায় এসব জরিমানা করা হয়। তিন প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ৫০ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা আদায় করা হয়েছে। অভিযান চলাকালে ব্যবসায়ীদের পণ্যের মূল্যতালিকা হালনাগাদ রাখার নির্দেশ দেয়া হয়। একই সঙ্গে নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয় এবং মেয়াদোত্তীর্ণ, মানহীন বা নিষিদ্ধ পণ্য বিক্রি থেকে বিরত থাকার বিষয়ে সতর্ক করা হয়। বিশেষ করে ওষুধ, বীজ, শিশুখাদ্যসহ বিভিন্ন ভোগ্যপণ্যের ক্ষেত্রে মান ও মেয়াদ নিশ্চিত করে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেয়া হয়েছে।
তদারকি পরিচালনা করেন চুয়াডাঙ্গা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। অভিযানে সার্বিক সহযোগিতা করেন ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি দল। ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


