দর্শনা অফিস:
দর্শনায় তদারকিমূলক অভিযান চালিয়ে দুটি বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে চুয়াডাঙ্গা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রয়োজনীয় লাইসেন্স না থাকা, খাদ্যপণ্যে অননুমোদিত রং ও ফ্লেভার ব্যবহার, শিল্প লবণ রাখা এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুতের অভিযোগে প্রতিষ্ঠান দুটিকে এ জরিমানা করা হয়। গতকাল মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত দর্শনা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও বিভিন্ন খাদ্যপণ্যের মান, মূল্য এবং বিক্রয়প্রক্রিয়া তদারকি করা হয়। চুয়াডাঙ্গা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে এ তদারকি পরিচালিত হয়।
তদারকি চলাকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় অনিয়মের প্রমাণ পাওয়ায় মেসার্স রিমি ফুডকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ট্রেড লাইসেন্স ও স্যানিটারি লাইসেন্স না থাকা এবং খাদ্যপণ্যে অননুমোদিত রং ও ফ্লেভার ব্যবহারের অভিযোগ পাওয়া যায়। অন্যদিকে, একই ধরনের অনিয়মের পাশাপাশি শিল্প লবণ ব্যবহার এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুতের অভিযোগে মুসলিম ফাস্ট ফুড অ্যান্ড বেকারিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। তদারকি শেষে দুটি বেকারির মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় কাগজপত্র দ্রুত হালনাগাদ করার পাশাপাশি খাদ্যপণ্য প্রস্তুত ও সংরক্ষণের স্থান পরিচ্ছন্ন রাখার নির্দেশনা দেয়া হয়। খাদ্যপণ্য তৈরিতে অননুমোদিত রং, ফ্লেভার ও ক্ষতিকর উপকরণ ব্যবহার না করার বিষয়েও সতর্ক করা হয়।
অভিযানে দামুড়হুদার স্যানিটারি ইন্সপেক্টর নিয়ামত আলী, ক্যাব সদস্য মো. রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে বাজার ও খাদ্যপণ্যের মান তদারকিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


