নেহালপুর প্রতিনিধি:
চুয়াডাঙ্গার দর্শনা-হিজলগাড়ী সড়কের দোস্ত আমতলা মোড়ে পিচ ও খোয়া উঠে তৈরি হয়েছে ছোট-বড় বেশ কয়েকটি গভীর গর্ত। দীর্ঘদিন সংস্কার না করায় সড়কের ওই অংশ দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিদিন ঝুঁকিতে পড়ছেন চালক ও যাত্রীরা। দূর থেকে গর্তগুলো সহজে চোখে না পড়ায় যানবাহন নিয়ে হঠাৎ বিপাকে পড়ছেন চালকেরা। স্থানীয় বাসিন্দা ও চালকদের আশঙ্কা, দ্রুত সংস্কার করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
সরেজমিনে দেখা গেছে, সড়কের গুরুত্বপূর্ণ এই মোড়ের বিভিন্ন স্থানে পিচ ও খোয়া উঠে গেছে। তৈরি হয়েছে একাধিক গর্ত। এসব গর্ত এড়িয়ে চলতে গিয়ে চালকদের কখনো গতি কমাতে হচ্ছে, কখনো হঠাৎ ব্রেক কষতে হচ্ছে। এতে পেছনে থাকা যানবাহনের সঙ্গে সংঘর্ষের ঝুঁকিও তৈরি হচ্ছে। বিশেষ করে মোটরসাইকেল, রিকশা ও ভ্যান নিয়ে চলাচলকারীদের ভোগান্তি বেশি। মোড়টি পার হওয়ার সময় মালবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসকে হেলেদুলে চলাচল করতে হচ্ছে। গর্তে চাকা পড়ে যানবাহনের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা থাকায় চালকদের সতর্ক হয়ে চলতে হচ্ছে। স্থানীয়দের দাবি, সড়কের এই অংশে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। গর্তগুলো দিন দিন বড় হওয়ায় পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, প্রতিদিন এই সড়ক দিয়ে অসংখ্য মানুষ ও যানবাহন চলাচল করে। কর্মস্থলে যাওয়া, ব্যবসা-বাণিজ্যসহ নানা প্রয়োজনে মানুষকে এই পথ ব্যবহার করতে হয়। কিন্তু সড়কের একটি গুরুত্বপূর্ণ অংশ দীর্ঘদিন ধরে বেহাল থাকায় স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। তাদের ভাষ্য, গর্তগুলো দূর থেকে স্পষ্ট বোঝা যায় না। ফলে চালকেরা কাছাকাছি পৌঁছে হঠাৎ গর্ত দেখতে পেয়ে দিক পরিবর্তন করেন কিংবা ব্রেক কষেন। এতে দুর্ঘটনার আশঙ্কা বাড়ে। বিশেষ করে রাতের বেলা ও কম দৃশ্যমানতার পরিস্থিতিতে ঝুঁকি আরও বেড়ে যেতে পারে বলে তারা উদ্বেগ প্রকাশ করেন।
স্থানীয়রা আরও জানান, সড়কের এই অংশটি এখন সাধারণ মানুষের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন হাজারো মানুষ ও যানবাহন এই রাস্তা দিয়ে চলাচল করে। কিন্তু গর্তগুলো দিন দিন বড় হচ্ছে। আমরা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির আশঙ্কায় আছি। সড়কটির এই অংশ দ্রুত সংস্কার করা না হলে যানবাহন চলাচলে ঝুঁকি আরও বাড়বে। তাই দুর্ঘটনা ঘটার পর ব্যবস্থা নেয়ার পরিবর্তে আগেভাগেই সড়কটি মেরামতের উদ্যোগ নেয়া প্রয়োজন।


