দামুড়হুদা অফিস:
দামুড়হুদায় বসতভিটার জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আট মাসের অন্তঃসত্ত্বা নারীসহ একই পরিবারের তিনজন ও এক রাজমিস্ত্রি আহত হয়েছেন। এ সময় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে বসতভিটার নির্মাণকাজের মালামাল ও বিভিন্ন স্থাপনা ভাঙচুর এবং এক রাজমিস্ত্রির কাছ থেকে এক লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পীরপুরকুল্লা গ্রামের নুড়িতলা পাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী মিলন হোসেন (৩৫) বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও পাঁচজনের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে বলা হয়েছে, ঘটনার সময় মিলন হোসেন তার জমিতে রাজমিস্ত্রি নিয়ে নির্মাণকাজ করছিলেন। পূর্ববিরোধের জেরে প্রতিবেশী নাসির, সানোয়ার হোসেন, টিক্কা, মুক্তার হোসেন, লিটন হোসেন, জাকির মল্লিক, সালাতুল্লা ও ইউসুফ মল্লিকসহ অজ্ঞাত আরও পাঁচজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার জমিতে প্রবেশ করেন। তাদের হাতে ধারালো দা, লোহার রড, শাবল, জিআই পাইপ ও বাঁশের লাঠি ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে তারা মিলন হোসেনের ওপর হামলা চালান। এতে তার ডান হাতের কনুই ভেঙে যায়। এ ছাড়া মাথা, ঘাড় ও পিঠে গুরুতর আঘাত লাগে বলে অভিযোগ করা হয়েছে। মিলনকে রক্ষা করতে এগিয়ে এলে তার সেজো চাচা আব্দুল হাই (৬৫) কেও মারধর করা হয়। অভিযোগ অনুযায়ী, তার বাম কানে ধারালো দা দিয়ে কোপ দেয়া হলে তিনটি সেলাই দিতে হয়। তার হাতের তালুতেও হাড়ভাঙা জখম হয়েছে। অভিযোগে আরও বলা হয়, এ সময় মিলন হোসেনের আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী শিউলী খাতুন (৩০) স্বামীকে রক্ষা করতে এগিয়ে গেলে হামলাকারীরা তার চুলের মুঠি ধরে মারধর করেন। তাকে শ্লীলতাহানি এবং পেটে লাথি মেরে গর্ভপাতের চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। ঘটনাস্থলে থাকা রাজমিস্ত্রি আব্দুল মতিনকেও মারধর করা হয়। পরে তার পকেটে থাকা এক লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন বাদী।
শুধু হামলা ও মারধরেই ঘটনা শেষ হয়নি বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা জমিতে থাকা একটি টিউবওয়েল, বৈদ্যুতিক মিটার, ১২টি সিমেন্টের পিলার, একটি গোয়ালঘর এবং নির্মাণকাজে ব্যবহৃত সাতটি স্টিলের বক্স ভাঙচুর করে। পরে এসব মালামাল পাশের একটি গর্তে ফেলে দেয়া হয়। এতে প্রায় ১৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মিলন হোসেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হয়।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, জমি নিয়ে বিরোধের জেরে পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালানো হয়েছে। হামলার পর প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেয়ায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। দ্রুত ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তারা। তবে অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেজবাহ উদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


