মেহেরপুর অফিস:
মেহেরপুরের মুজিবনগর সীমান্তে অভিযান চালিয়ে ৩২টি সোনার বারসহ দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা সোনার ওজন ৩ কেজি ৯৪১ গ্রাম। বিজিবির হিসাবে, এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৩৫ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা। গতকাল রবিবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে মুজিবনগর উপজেলার নাজিরাকোনা সীমান্তের নাগারবিল এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর নতুনপাড়া গ্রামের মৃত আবু বক্করের ছেলে আসাদুল (৫০) ও একই এলাকার মাদারের ছেলে জুয়েল হোসেন (৩০)।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) সূত্রে জানা গেছে, স্বর্ণ চোরাচালানের গোপন তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসানের নির্দেশনায় নাজিরাকোনা বিওপির একটি বিশেষ টহল দল অভিযান চালায়। সীমান্ত পিলার ১১০ থেকে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাগারবিল এলাকায় স্বর্ণ চোরাচালানের চেষ্টা হতে পারেÑএমন তথ্য পেয়ে সেখানে আগে থেকেই কৌশলগত অবস্থান নেন বিজিবি সদস্যরা। নাজিরাকোনা বিওপির হাবিলদার শামীমুর রহমানের নেতৃত্বে টহল দলটি ওই এলাকায় অবস্থান করছিল। দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে একটি ব্যাগ নিয়ে দুই ব্যক্তিকে সীমান্তের দিকে যেতে দেখেন বিজিবি সদস্যরা। সন্দেহ হলে তাদের থামতে চ্যালেঞ্জ করা হয়। এ সময় তারা সঙ্গে থাকা ব্যাগটি ফেলে পালানোর চেষ্টা করেন। পরে বিজিবি সদস্যরা ধাওয়া করে ঘটনাস্থল থেকেই দুজনকে আটক করেন। বিজিবি জানায়, পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করা হয়। এ সময় ব্যাগের ভেতর থেকে ৩২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ৩ হাজার ৯৪১ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৩৫ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, সীমান্ত দিয়ে স্বর্ণসহ কোনো ধরনের চোরাচালান যাতে সংঘটিত হতে না পারে, সে জন্য বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বিজিবি আরও জানিয়েছে, আটক দুই ব্যক্তিকে মুজিবনগর থানায় হস্তান্তর এবং উদ্ধার করা স্বর্ণ মেহেরপুর ট্রেজারি অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্তে স্বর্ণ চোরাচালানের পাশাপাশি মাদক পাচার ও অন্যান্য অপরাধ প্রতিরোধেও নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে।


