হাটবোয়ালিয়া প্রতিনিধি:
‘মাদককে না বলুন, অবসর সময়ে ফুটবল খেলুন’Ñএ স্লোগানকে সামনে রেখে আলমডাঙ্গা উপজেলার নগরবোয়ালিয়া গ্রামের শিশু-কিশোরদের মধ্যে ফুটবল বিতরণ করা হয়েছে। শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করা এবং তাদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখার লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়। গতকাল মঙ্গলবার আসর নামাজের পর নগরবোয়ালিয়া গ্রামে এ কর্মসূচির আয়োজন করা হয়। সাবেক ছাত্রনেতা ও ভাংবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী কাইয়ুম উদ্দিন হিরক শিশু-কিশোর ফুটবলারদের হাতে ফুটবল তুলে দেন।
ফুটবল বিতরণকালে কাইয়ুম উদ্দিন হিরক বলেন, বর্তমানে সমাজে মাদকাসক্তি ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক সমস্যা দিন দিন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। শিশু-কিশোরদের এসব ঝুঁকি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তিনি বলেন, নিয়মিত খেলাধুলা শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত থাকলে তারা মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে নিজেদের দূরে রাখতে পারে। তাই শিশু-কিশোরদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় উৎসাহিত করতে পরিবার ও সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, একটি সুস্থ ও সুন্দর প্রজন্ম গড়ে তুলতে মাঠের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশু-কিশোরদের হাতে মাদকের বদলে ফুটবল তুলে দিতে পারলে তাদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণ ও পারস্পরিক সৌহার্দ্য গড়ে উঠবে।
এ সময় ভাংবাড়ীয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সভাপতি গোলাম রহমান, হাটবোয়ালিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী নুর মোহাম্মদসহ নগরবোয়ালিয়া গ্রামের শিশু-কিশোর ফুটবলাররা উপস্থিত ছিলেন। ফুটবল হাতে পেয়ে শিশু-কিশোরদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নতুন ফুটবল নিয়ে মাঠে নামার আগ্রহ প্রকাশ করে তারা।
আয়োজকেরা বলেন, শুধু ফুটবল বিতরণ নয়, শিশু-কিশোরদের নিয়মিত খেলাধুলার সুযোগ তৈরি করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। খেলাধুলার মাধ্যমে এলাকার তরুণ প্রজন্মকে মাদক, কিশোর গ্যাং ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে একটি সুস্থ, সচেতন ও অপরাধমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব বলে তারা আশা প্রকাশ করেন।


